ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বলেছেন, দুর্নীতির ফলে দেশের বর্তমান বিরূপ ভাবমূর্তির জন্য দায়ী বিগত সময়ের সরকার, রাজনীতিক ও কিছু কিছু মহল। অথচ এখনও দুর্নীতিবাজদের পক্ষে কথা বলতে কেউ কেউ লজ্জা পাচ্ছেন না।
বৃহস্পতিবার ঢাকার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ নিবন্ধন পরিদপ্তরের জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।
ভারপ্রাপ্ত আইন সচিব কাজী হাবিবুল আওয়ালের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন পরিদপ্তরের মহাপরির্দশক মাজদার হোসেন।
বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার প্রেক্ষাপট বর্ণনা করে আইন উপদেষ্টা বলেন, সে সময় দেশে চরম অচলাবস্থা ছিল। সেই চরম মুহূর্তে দায়িত্ব গ্রহণ ও কাজ করে যাওয়ায় এ সরকারকে বলা হয় 'ক্রাইসিস ম্যানেজমেন্ট সরকার'।
তিনি বলেন, বর্তমান সরকার প্রশাসনের বিভিন্ন স্তরে সংস্কারের উদ্যোগ নিয়েছে। প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে কী সংস্কার প্রয়োজন তাও খতিয়ে দেখা হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/২১০৩ ঘ.
bdnews24