রাজশাহী, ২৬ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম )--রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মিজানুর রহমান মিনুসহ ১১ জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে ৪ লাখ টাকা চাঁদাদাবীর অভিযোগে দায়ের করা মামলায় সকল আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর অতিরিক্ত দায়রা জজ ৩-এর বিচারক জাহাঙ্গীর আলম মোল্লার আদালতে এ অভিযোগ গঠন করা হয়।
বুধবার মামলাটি মহানগর মুখ্য হাকিমের আদালত (সিএমএম) থেকে নিস্পত্তির জন্য রাজশাহীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আদালতে পাঠানো হয়।
অভিযোগ গঠনের সময় মেয়র মিজানুর রহমান মিনু , জেলা বিএনপির সহ-সভাপতি নজরুল হুদা ও সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
গত ১৬ মে মিনুসহ ১১ জন আসামীর সবার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকর্মকর্তা রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান সরকার ।
এই মামলায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিনু ছাড়া অভিযোগপত্রে উল্লেখিত অন্য আসামীরা হলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, জেলা বিএনপির সহসভাপতি নজরুল হুদা, বিএনপি নেতা তাহাজ উদ্দিন ওরফে সেন্টু, মাইনুল, ইসলাম, বাবু, রঞ্জু, আশরাফ, শামসুল ও আব্দুল্লাহ আল মামুন।
অভিযোগপত্র ও মামলার এজাহার থেকে জানা যায়, চলতি বছর ২৯ মে মহানগরীর রাজপাড়া থানা এলাকার বহরমপুর চৌরাস্তা বাইপাস মোড়ে আসামীরা বাদী শামসুল আলম খানের কাছে ৪ লাখ টাকা চাঁদা দাবি করে।
সামসুল আলম মহানগরীর এভারগ্রীন মডেল কলেজ গভর্নিং বডির সদস্য ও কলেজ ভবন নির্মাণ কমিটির আহবায়ক। ওই নির্মাণ কাজের জন্য মেয়রের নির্দেশে অন্যান্য আসামী চাঁদা দাবি করে। দাবি মত টাকা না পেয়ে আসামীরা নির্মাণ কাজের ইট লুট করে এবং ভাংচুর চালায়।
সামসুল খান এ ঘটনায় গত ২১ এপ্রিল বাদী হয়ে রাজপাড়া থানায় মামলা দায়ের করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে ১৮০৬ ঘ.
bdnews24