ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কর ফাঁকির অভিযোগে সাবেক সাংসদ মোসাদ্দেক আলী ফালুর স্ত্রী মাহবুবা সুলতানার বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দায়ের করা মামলায় অভিযোগ গঠন করা হয়েছে।
বুধবার আসামির অনুপস্থিতিতেই সংসদ ভবনের বিশেষ জজ আদালত- ১ এর বিচারক মো. ফিরোজ আলমের আদালতে এ মামলার অভিযোগ গঠন করা হয়। এ সময় আসামি পক্ষের কোনো আইনজীবীও ছিলেন না।
আদালত আগামী ৩১ জুলাই সাক্ষ্য নেওয়ার দিন ধার্য করেছেন। মামলায় সাক্ষী করা হয়েছে নয় জনকে।
এনবিআরের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান মাসুদ গত ৫ জুলাই ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলাটি দায়ের করেন। ওই দিন বিচারক মো. আজিজুল হক শুনানি শেষে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। পরে ২৩ জুলাই মামলাটি বিচারের জন্য বিশেষ জজ আদালত- ১ এ পাঠিয়ে দেওয়া হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, মাহবুবা সুলতানা ২০০১-০২ থেকে ২০০৫-০৬ পর্যন্ত বিভিন্ন করবর্ষে সম্পত্তি ও ব্যাংক বিবরণে মিথ্যা তথ্য দিয়েছেন।
তিনি আসবাবপত্র, মৎস্য, বাড়ি নির্মাণ, শেয়ার বিনিয়োগ, উৎসব ভাতা, স্থায়ী আমানত ইত্যাদি খাতের মিথ্যা তথ্য আয়কর বিভাগে জমা দিয়ে ৬ কোটি ৩২ লাখ ২২ হাজার ৯৩২ টাকার আয় গোপন করেছেন। এছাড়া এ আয়ের ওপর এক কোটি ৫৮ লাখ ৫ হাজার ৭৩৩ টাকা করও ফাঁকি দিয়েছেন তিনি।
মামলা দায়েরের পর কয়েক দফা অভিযান চালিয়েও মাহবুবা সুলতানাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এসএনডি/১৯৩৩ ঘ.
bdnews24