ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- মোহাম্মদপুর টাউনহল এলাকা থেকে মঙ্গলবার অজ্ঞান পার্টি চক্রের সন্দেহভাজন নেতা আব্দুল আজিজকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছে , জিজ্ঞাসাবাদে আজিজ বলেছে সে ভারতে গিয়ে অজ্ঞান করে মানুষের সর্বস্ব লুটে নেওয়ার কৌশল রপ্ত করেছে এবং সে ২৭ বছর ধরে এ পেশায় জড়িত।
গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মাইনুল হাসানের নেতৃত্বে একটি দল মঙ্গলবার দুপুরে মোহাম্মদপুর টাউন হল এলাকায় অভিযান চালিয়ে আজিজকে গ্রেপ্তার করে। সে মোহাম্মদপুরের চানমিয়া হাউজিংয়ের ৮ নম্বর সড়কের ৩২৮ নম্বর বাসায় থাকতো। টঙ্গী, গাজীপুর, গুলিস্তান, সদরঘাট, কাওরান বাজার ও ফার্মগেট এলাকায় তার তৎপরতা ছিল বলে আজিজ জানিয়েছে। তার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার পালং উপজেলার আড়িগাঁও গ্রামে।
পুলিশের ভাষ্যমতে, রাজধানী ঢাকাতে তার কমপক্ষে ৪০/৫০ জন 'শিষ্য' রয়েছে বলে আজিজ জিজ্ঞাসাবাদে জানিয়েছে। তার এ শিষ্যদের অনেকেই আবার নতুন দল গঠন করে মানুষকে অজ্ঞান করে সর্বস্ব লুটে নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে। তার শিষ্যদের কমপক্ষে ২/৩শ সহযোগী রয়েছে বলে আজিজ জানিয়েছে। এই উপ-শিষ্যদের সবাইকে সে না চিনলেও সবাই তাকে চেনে বলে আজিজের দাবি।
আজিজ জানায়, ১৯৮১ সালে একবার ভারতে গিয়ে তার সর্বস্ব লুট হয়ে যায়। এরপর কলকাতার হাওড়া স্টেশনে পরিচয় হওয়া কয়েকজন লোক তাকে অজ্ঞান করে লুটে নেওয়ার কৌশল শেখায়। তার প্রথমদিকের কাজ ছিল পুলিশের গতিবিধির ওপর নজর রাখা। একবছর পর সে দেশে ফিরে এসে এ অপকর্ম শুরু করে।
আজিজ জানিয়েছে, প্রথম দিকে সে রিক্সা চালাতো এবং চালকদের অজ্ঞান করে রিক্সা চুরি করতো। এরপর আস্তে আস্তে সে বিশাল দল গঠন করে।
আজিজ জিজ্ঞাসাবাদে জানায়, সে প্রথমে সম্ভাব্য 'শিকার' বেছে নিয়ে কৌশলে চা, ডাব, ফলের রস, কোমল পানীয় বা বিস্কুটের সঙ্গে অচেতন করার বিশেষ ট্যাবলেট মিশিয়ে খাইয়ে দেয়। ২০/৩০ মিনিটের মধ্যে ওই ব্যক্তি অজ্ঞান হয়ে পড়লে তার সমস্ত কিছু কেড়ে নিয়ে তারা কেটে পড়ে। প্রতিটি 'অপারেশনে' সাধারণত ২/৩ জন অংশ নিয়ে থাকে ।
মঙ্গলবারও মোহাম্মদ মোবারক হোসেন (২৮) নামে বিমানবাহিনীর এক সদস্য অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সন্ধ্যায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার সহকারী উপ-পরিদর্শক আশরাফুল ইসলাম তাকে মহাখালী বাস টার্মিনাল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জিএমএ/এসকে ২০২৮ ঘ.
bdnews24