রাজশাহী, জুলাই ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহীতে ছবিযুক্ত ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরির কাজ আগস্টের প্রথম সপ্তাহে শুরু হয়ে এক মাসের মধ্যে শেষ হবে। এ লক্ষ্যে জেলা নির্বাচন অফিস সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
রোববার বিকেলে রাজশাহী সার্কিট হাউজ মিলনায়তনে মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।
নির্বাচন কমিশনার ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন এ সভায় উপস্থিত ছিলেন।
২৪ জুলাই ভোটার পরিচয়পত্র তৈরির সরঞ্জাম রাজশাহী এসে পৌঁছবে বলে জানান সাখাওয়াত হোসেন। তিনি বলেন, শ্রীপুরের পাইলট প্রকল্পের পর এবার শুরু হবে মূল প্রকল্পের আনুষ্ঠানিক কাজ। পর্যায়ক্রমে এ কাজ সারাদেশে শুরু হবে।
সাখাওয়াত হোসেন বলেন, দেশের মানুষের চাহিদা অনুযায়ী একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য ছবিযুক্ত ভোটার তালিকা করা হচ্ছে।
কমিশনার ছহুল হোসাইন বলেন, "দেশের মানুষ যাতে একটি সৎ ও দেশপ্রেমিক সরকার নির্বাচিত করতে পারে তার জন্য আমরা একটি সুষ্ঠু ভোটার তালিকা তৈরি করতে চাই। এবার আমরা তালিকা থেকে জাল ভোটার দূর করতে চাই।"
তিনি বলেন, "এবারের ভোটার তালিকা তৈরির কাজে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাদের কাজে লাগাতে চাই। যারা বিভিন্ন সময় নির্বাচিত হয়েছেন কিংবা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদেরও সম্পৃক্ততা এবং সহযোগিতা চাই।"
জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ মুসা জানান, ছবিযুক্ত ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরির প্রাথমিক পর্যায়ের কাজ শেষ হয়েছে। ৯০৮ জন তথ্য সংগ্রহকারী নিয়োগের কাজও প্রায় শেষ পর্য়ায়ে। অচিরেই কম্পিউটার ডাটা এন্টির জন্য ৭০০ লোক নিয়োগ দেওয়া হবে। সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ৩০ জন।
রাজশাহীর বিভাগীয় কমিশনার শফিউল আলম, উপ-মহা পুলিশ পরিদর্শক একেএম শহীদুল হক, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবুল কাশেম, জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ মুসাসহ সেনাবাহিনী এবং বিডিআরের কর্মকর্তারাও ওই সভায় উপস্থিত ছিলেন।
নির্বাচন অফিস সূত্র জানায়, ২০০২ সালে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় ১৩০টি ভোট কেন্দ্র ছিল। প্রাথমিকভাবে সে সব স্থানে কেন্দ্র করার কথা ভাবা হয়েছে।
সূত্র জানায়, ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরিতে মহানগীর বোয়ালিয়া, রাজপাড়া এবং উপজেলা নির্বাচন অফিসকে কাজে লাগানো হবে। এ সব কাজের তদারকি করবেন উপ নির্বাচন কমিশনার।
সূত্র আরও জানায়, প্রতি পাঁচজন তথ্য সংগ্রহকারীর জন্য থাকবেন একজন সুপারভাইজার। কলেজের প্রভাষক এবং মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্য থেকে সুপারভাইজার নেওয়া হবে।
প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের রাজশাহীতে ভোটার তালিকা তৈরির কাজ উদ্বোধন করার কথা রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/২০৩৩ ঘ.
bdnews24