২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাডভোকেট সায়মা ও সাদিয়া হত্যা তদন্তে এগোতে পারেনি পুলিশ

চারদিন পেরিয়ে যাওয়ার পরও অ্যাডভোকেট সায়মা হত্যাকাণ্ডের কোনও সূত্র পায়নি পুলিশ। তবে তারা নিশ্চিত হয়েছে যে, একজনই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এদিকে অগ্রগতি নেই ভিকারুন্নিসা কলেজের ছাত্রী সাদিয়া নওশীন প্রিয়াঙ্কা হত্যাকাণ্ডের তদন্তেও ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2007, 04:21 PM

Updated : 26 Aug 2022, 08:19 PM

ঢ়াকা ২১ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চারদিন পেরিয়ে যাওয়ার পরও অ্যাডভোকেট সায়মা হত্যাকাণ্ডের কোনও সূত্র পায়নি পুলিশ। তবে তারা নিশ্চিত হয়েছে যে, একজনই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এদিকে অগ্রগতি নেই ভিকারুন্নিসা কলেজের ছাত্রী সাদিয়া নওশীন প্রিয়াঙ্কা হত্যাকাণ্ডের তদন্তেও । অ্যাডভোকেট সায়মা খানমের গৃহপরিচারিকা আলেয়া ও মীনাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেও কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা নিউমার্কেট থানার উপ--পরিদর্শক শাহজাহান আলী। তিনি বলেন, "বলার মতো এখনও কিছু পাওয়া যায়নি। নিহতের স্বামী জহিরুল ইসলাম পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করছেন না। কিছুটা এড়িয়ে যাচ্ছেন। সম্ভবত তিনি আতংকগ্রস্ত । তার গাড়ি চালক উজ্জ্বলকেও আমরা জিজ্ঞাসাবাদ করেছি। তবে এখনও গুরুত্বপূর্ণ কিছু পাওয়া যায়নি।" তদন্তকারী কর্মকর্তা আরো বলেন প্রাপ্ত তথ্য একাধিক সূত্রের কাছ থেকে যাচাই-বাছাই করা হচ্ছে। ব্যাক্তিগত না পেশাগত দ্বন্দ্বের জের ধরে সায়মা খানমকে খুন করা হয়েছে সে ব্যাপারে পুলিশ এখনও নিশ্চিত নয় । দুইদিক বিবেচনা রেখেই পুলিশ তদন্ত করছে। তবে পুলিশ মোটামুটি নিশ্চিত যে খুনী একজনই ছিল। অ্যাডভোকেট সায়মা খানমকে মঙ্গলবার দুপুরে এলিফ্যান্ট রোডের প্রিন্স টাওয়ারের ফ্ল্যাটে জবাই করে হত্যা করা হয়। তিনি আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় নেত্রী এবং চাঞ্চল্যকর শাজনীন হত্যা মামলার বাদী পক্ষের আইনজীবী ছিলেন। এদিকে ভিকারুন্নিসা কলেজ ছাত্রী সাদিয়া নওশীন প্রিয়াঙ্কা হত্যার তদন্তেও গতি নেই। তদন্ত কর্মকর্তা রমনা থানার উপ-পরিদর্শক কাজী দিদারুল ইসলাম জানান, প্রিয়াঙ্কার বাবা-মা গ্রামের বাড়ি থেকে শুক্রবার পর্যন্ত না ফেরায় তার মাকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। বাড়ির দারোয়ানকে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ কোনও তথ্য মেলেনি। তবে প্রিয়াঙ্কার বাবা সুলতান ফারুকের অভিযোগ অনুযায়ী নিহতের ছোট মামা জাহেদুল ইসলাম রিন্টুকে খুঁজছে পুলিশ। বুধবার দুপরে পেয়ারাবাগের ৫৩৬/১ নম্বর বাসার পাঁচতলায় সাদিয়াকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে ২২১৫ ঘ.