খুলনা, জুলাই ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খালিশপুর শিল্পাঞ্চলে কর্মচ্যুত শ্রমিক পরিবারের জন্য স্থাপিত লঙ্গরখানাটি চালু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বন্ধ হয়ে গেছে। লঙ্গরখানার উদ্যোক্তা জাতীয় ত্রাণ কমিটি বলছে, পুলিশ এসে জোর করে লঙ্গরখানাটি বন্ধ করে দেয়। তবে সে অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরেই লঙ্গরখানাটি চালু করা হয়।
জাতীয় ত্রাণ কমিটির সমন্বয়কারী আলমগীর কবির বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, পিপলস ও প্লাটিনাম জুবিলী জুট মিলের অনাহারি শ্রমিক পরিবারের জন্য ক্রিসেন্ট জুট মিল হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গণে খোলা লঙ্গরখানা বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় খালিশপুর থানা পুলিশ এসে বন্ধ করে দেয়।
তিনি আরও জানান, খালিশপুর থানার উপপরিদর্শক হাফিজুর রহমান ও মারুফ হোসেন এক দল পুলিশ নিয়ে এসে লঙ্গরখানা বন্ধ করে ২৫ মিনিটের মধ্যে সব হাড়ি-কড়াই, ডেকচিসহ অন্যান্য মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। পুলিশ উপস্থিত থেকে লঙ্গরখানার সব মালপত্র ভ্যানে তুলে নিয়ে যেতে বাধ্য করে।
তবে অভিযোগ অস্বীকার করে পুলিশ কর্মকর্তা মারুফ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, লঙ্গরখানা চালাতে আমরা সারা দিন তাদের সহযোগিতা করেছি। বন্ধ করার প্রশ্নই ওঠে না।
লঙ্গরখানা বন্ধে পুলিশের পক্ষ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার রৌশন আরা।
খালিশপুর শিল্পাঞ্চলের সাড়ে ৮ হাজার শ্রমিক পরিবারকে বৃহস্পতিবার জাতীয় ত্রাণ কমিটির উদ্যোগে খোলা লঙ্গরখানা থেকে খিচুড়ি বিতরণ করা হয়। শুক্রবার ও শনিবারও খাবার বিতরণের কথা ছিল।
দুপুরে খাবার বিতরণ শেষে জাতীয় ত্রাণ কমিটির ঢাকা থেকে আসা সদস্যরা খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
ওই সময় কমিটির সদস্য ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, খালিশপুর শিল্পাঞ্চলের শ্রমিকরা অত্যন্ত দুরবস্থার মধ্যে রয়েছে, যা নিজ চোখে না দেখলে বিশ্বাস করা যায় না।
পাটকল বন্ধের সরকারি সিদ্ধান্তকে অপরিকল্পিত আখ্যা দিয়ে তিনি বলেন, আমাদের উদ্যোগ খুব সামান্য। বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও মানবিক সাহায্য হিসাবে আমরা লঙ্গরখানা খোলার এ কর্মসূচি হাতে নিয়েছি।
এ সময় উপস্থিত ছিলেন ড. হামিদা হোসেন, ড. শামসুল আলম, ড. শামীম মাহবুবুল হক, গোলাম মোর্ত্তজা, মোসাব্বির হোসেন, শুভ কিবরিয়া, সিমিন হোসেন রিমি।
বেলা ১টায় পিপলস জুট মিল ও প্লাটিনাম জুবিলী মিল শ্রমিকদের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়। দুটি মিলের শ্রমিক-কর্মচারীরা খাবার নেয়ার জন্য সকাল থেকেই থালা গামলা হাতে বৃষ্টিতে ভিজে লাইনে দাড়িয়ে থাকতে দেখা যায়
পিপলস জুটমিলের শ্রমিক ও সাবেক সিবিএ সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন খাবার নেওয়ার সময় বাষ্পরুদ্ধ কন্ঠে বলেন, "আজ আমার ঘরে কোনও খাবার ছিল না। এদের কাছ থেকে খাবার নিয়ে গিয়ে আমার পঙ্গু মা ও সন্তানদের মুখে তুলে দেব।"
পিপলস জুট মিলের যান্ত্রিক ও প্রকৌশল বিভাগের কর্মচারী জাকির হোসেন ক্ষোভের সঙ্গে জানান, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার পিপলস জুট মিল বন্ধ করে দিয়েছে, এ জন্য আমাদের কোন দুঃখ নেই। তবে আমাদের ১৫ মাসের বেশি বকেয়া পাওনা অতি সত্বর দিয়ে দিক, আমরা মিল কলোনি ছেড়ে চলে যাব। এভাবে ভিক্ষা করে খেয়ে বেঁচে থাকতে চাই না।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০৫৪ ঘ.
bdnews24