চট্টগ্রাম, জুলাই ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- চট্টগ্রাম নগরী ও আশেপাশের এলাকায় এক টানা বৃষ্টির চুতর্থ দিনে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নগরীর বিভিন্ন নিচু আবাসিক এলাকার বাড়ি-ঘরে পানি উঠেছে এবং বেশ কয়েকটি সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে ভোগান্তিতে পড়েছে নগরবাসী।
গত সোমবার থেকে শুরু হওয়া এ বৃষ্টিপাত বুধবার রাত থেকে আরও বেড়েছে। পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নগরী ও আশেপাশের এলাকায় ৭০ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়।
তবে জলাবদ্ধতা তৈরি হলেও কোথাও কোনও পাহাড় ধসের খবর পাওয়া যায়নি। নগরীর সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ লালখান বাজার ও মতিঝর্ণা পাহাড়ি এলাকায় বেলা সাড়ে ১২টা পর্যন্ত কোন ধরনের ভূমিধস বা দুর্ঘটনা ঘটেনি বলে জানান লালখান বাজার ওয়ার্ড কমিশনার এ এফ কবির আহমদ মানিক।
তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, গতবারের ভূমিধসের পর পাহাড়ের পাদদেশের বিপজ্জনক এলাকায় বসবাসকারী কিছু লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।
এদিকে টানা বর্ষণে নগরী ও আশেপাশের পাহাড়ি এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঢেবার পাড় এলাকায় বসবাসকারী ওমর আলী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর রাতের তুমুল বৃষ্টির পর থেকে ঘরের সবাই সজাগ রয়েছে। এলাকার প্রায় সবারই আশঙ্কা, আবার কি ঘটে যায়।
বুধবার ভোররাত ও সকালের ভারী বর্ষণে জলাবদ্ধতার কারণে মেহেদিবাগ, প্রবর্তক মোড়, আগ্রাবাদ এলাকায়, দুই নম্বর গেট, চান্দগাঁও ও চাক্তাইসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া, চকবাজার, বাকলিয়া ডিসি রোড, দেওয়ানবাজার, আগ্রাবাদ, হাজীপাড়া, সিডিএ কলোনি, মেহেদিবাগ, কাপাসগোলা, খাতুনগঞ্জ, পাঁচলাইশ, বহদ্দারহাট, চান্দগাঁওসহ বিভিন্ন নিচু এলাকায় পানি উঠেছে। নগরীর খালগুলো ভরে ওঠায় অতিদ্রুত পানি নেমে যাওয়ার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। এতে মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।
টানা বৃষ্টির কারণে স্কুল ও অফিস আদালতে যেতে পারছেন না অনেকেই। একই সঙ্গে গাড়ি চলাচর কম থাকায় জরুরি কাজে যারা বাইরে বেরিয়েছেন, তারা পড়েছেন ভোগান্তিতে।
পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, বাংলাদেশের ওপর দিয়ে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে ভারী বর্ষণ হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
চট্টগ্রাম নগরী ও আশেপাশের এলাকায় গত ১১ জুন প্রবল বর্ষণে পাহাড় ও দেয়াল ধসে ১২৮ জন নিহত হন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/আরএ/এমআই/১৪২৪ ঘ.
bdnews24