২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্টে জামিন-জালিয়াতির ঘটনায় গ্রেপ্তার ১

সুপ্রিম কোর্টে আরও একটি জামিন-জালিয়াতির ঘটনা ধরা পড়েছে। ঘটনায় জড়িত জালিয়াত চক্রের সদস্য এক আইনজীবীর সহকারীকে বুধবার গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2007, 07:13 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সুপ্রিম কোর্টে আরও একটি জামিন-জালিয়াতির ঘটনা ধরা পড়েছে। ঘটনায় জড়িত জালিয়াত চক্রের সদস্য এক আইনজীবীর সহকারীকে বুধবার গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ আবদুল হালিম। এ নিয়ে জুলাই মাসে সুপ্রিম কোর্টে জামিন-জালিয়াতির দুইটি ঘটনায় এক আইনজীবীসহ দুইজন গ্রেপ্তার হল। জানা গেছে, হাইকোর্ট এবং আপিল বিভাগে অস্ত্র মামলায় ১০ বছর সাজা বহাল থাকা এক আসামিকে কারাগার থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে জাল করা জামিনের রায়ের কাগজপত্র দেখিয়ে। ঘটনার বিবরণে জানা যায়, পটুয়াখালীর বিশেষ আদালত ১৯৯৮ সালে অস্ত্র মামলায় আসামি শামসু সন্নামতকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দেয়। ওই বছরই হাইকোর্ট এবং ২০০০ সালের ২ মার্চ আপিল বিভাগ তার সাজা বহাল রাখে। কিন্তু জালিয়াত চক্র '২০০৩ সালের ১৮ আগস্ট আপিল বিভাগ তাকে জামিন দিয়েছে' মর্মে একটি জাল রায় তৈরি করে। সেই জাল রায়ের মাধ্যমে আসামি শামসুকে তারা কারাগার থেকে বের করে নিয়ে যায়। তবে ৫৪ ধারায় পরে সে আবার পুলিশের হাতে ধরা পড়ে। এই ঘটনা জানিয়ে পটুয়াখালীর বাউফল থানার বগা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার গত ১০ জুন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগ করেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বুধবার সুপ্রিম কোর্টের সুপারিনটেনডেন্ট জহুরুল আলম ভুইঞা শাহবাগ থানায় তিনজনকে আসামি করে একটি মামলা করেন। এরা হল শামসু সন্নামত, মামলার তদবিরকারক রশিদ সিকদার ও সুপ্রিম কোর্টের এক আইনজীবী সহকারী মোহাম্মদ আবদুল হালিম। মামলা দায়েরের পরপরই ডিবি পুলিশ আবদুল হালিম মিঞাকে গ্রেপ্তার করেছে। প্রসঙ্গত, হাইকোর্ট থেকে জামিন হওয়ার জাল রায়ের কাগজ দেখিয়ে অন্য একটি অস্ত্র মামলায় ৩০ বছর কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি কারাগার থেকে বের হয়ে যাওয়ার ঘটনায় গত ৫ জুলাই হাইকোর্টের তিন আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শাহবাগ থানায় দায়ের করা ওই মামলার আসামিরা হলেন অ্যাডভোকেট মজিবুর রহমান, শেখ আবদুল হক ও এইচকে বেপারী। এদের মধ্যে শেখ আবদুল হককে ডিবি পুলিশ ১৬ জুলাই গ্রেপ্তার করেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/ডিডি/এমএইচবি/০১০৬ ঘ.