চট্টগ্রাম, জুলাই ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসক ধর্মঘট অব্যাহত রয়েছে।
লাগাতার ধর্মঘটের দ্বিতীয় দিন বুধবার হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। শতাধিক রোগী এরই মধ্যে হাসপাতাল ছেড়ে চলে গেছে।
চাকরি স্থায়ী করা এবং ৫০ চিকিৎসককে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত বাতিলের দাবিতে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসাররা মঙ্গলবার সকাল থেকে ধর্মঘট করছেন।
উদ্ভূত পরিস্থিতি নিয়ে বুধবার সকাল সাড়ে ৯টায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা হলেও তাতে দাবি-দাওয়ায় বিষয়ে কোনও সুরাহা হয়নি।
হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক ডা. আঞ্জুমান আরা ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা এ মুহূর্তে মেডিকেল অফিসারদের দাবিগুলো মানতে পারছি না। এর জন্য সময় দিতে হবে। তবে তাদের কাজে যোগদানের জন্য লিখিতভাবে আহ্বান জানানো হয়েছে।"
হাসপাতালে এখন ১৩৬ জন রোগী আছে বলে ওই কর্মকর্তা জানান। ধর্মঘটের কারণে ১০৫ জন রোগী হাসপাতাল ছেড়েছেন।
ধর্মঘট পালনকারী চিকিৎসকদের মুখপাত্র ডা. এনামুল হক জানান, দাবি না মানা পর্যন্ত ধর্মঘট চলবে।
এদিকে দূরদূরান্ত থেকে রোগীরা এ হাসপাতালে চিকিৎসা নিতে এসে ফিরে যাচ্ছেন। বহির্বিভাগ এক প্রকার বন্ধ হয়ে গেছে। শুধু জরুরি রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। জনবল সঙ্কটের কারণে তাতেও সমস্যা হচ্ছে।
আগ্রাবাদের মা ও শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা নেওয়ার জন্য শুধু মহানগরী নয়, জেলার বিভিন্ন স্থান এবং চট্টগ্রামের বাইরে থেকেও প্রতিদিন কয়েকশ রোগী এসে থাকেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএডি/এফআই/আরএ/এমআই/১৪৩৪ ঘ.
bdnews24