২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পত্তির হিসাব দিয়েছেন বাহাউদ্দিন নাছিম ও সেতারা আলমগীর

স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এ এফ এম বাহাউদ্দিন নাছিম ও সাবেক প্রতিমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের স্ত্রী সেতারা আলমগীরের সম্পত্তির হিসাব দেওয়া হয়েছে দুর্নীতি দমন কমিশনে। মঙ্গলবার বাহাউদ্দিন নাছিমের পক্ষে তার মা নূরজাহান বেগম এবং সিতারা আলমগীর নিজে এই হিসাব বিবরণী জমা দেন। কমিশন সচিব মোখলেসুর রহমান বিবরণী জমা নেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2007, 01:16 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এ এফ এম বাহাউদ্দিন নাছিম ও সাবেক প্রতিমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের স্ত্রী সেতারা আলমগীরের সম্পত্তির হিসাব দেওয়া হয়েছে দুর্নীতি দমন কমিশনে। মঙ্গলবার বাহাউদ্দিন নাছিমের পক্ষে তার মা নূরজাহান বেগম এবং সিতারা আলমগীর নিজে এই হিসাব বিবরণী জমা দেন। কমিশন সচিব মোখলেসুর রহমান বিবরণী জমা নেন। বাহাউদ্দিন নাছিমের বিবরণীতে এক কোটি ৯৬ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসাব দেওয়া হয়েছে। এর মধ্যে তার নিজ নামে মাদারীপুরে ১৩ লাখ টাকার দুই একর, সাভারে একাধিক ব্যক্তির সঙ্গে আরও ২২ দশমিক ৮৬ একর, গাজীপুরের জয়দেবপুরে এক একর পাঁচ শতাংশ ও উত্তরায় তিন কাঠা জমির উল্লেখ আছে। নাছিম ও তার স্ত্রী ডা. শামীমা সুলতানা শেয়ার ব্যবসার সঙ্গেও জড়িত। আসিফ এ্যাপারেলসে তাদের পাঁচ লাখ ও প্রি সাইড ইন্টারন্যাশনাল লিমিটেডে ২৬ লাখ টাকার শেয়ার রয়েছে। ডা. শামীমা একটি প্যারাডো গাড়ির মালিক। তার নামে ধানমন্ডিতে দুই হাজার ৮২৬ বর্গফুটের একটি ফ্ল্যাট রয়েছে। এছাড়া মার্কেন্টাইল ব্যাংকে শামীমা সুলতানার ৬৫ লাখ টাকার ফিক্সড ডিপোজিড আছে। সিতারা আলমগীরের সম্পত্তির হিসাবে বলা হয়েছে, তার নামে চাঁদপুরের কচুয়ায় ২৩০ শতাংশ, বাড্ডায় ১২ শতাংশ, পূর্বাচল প্রকল্পে ১০ কাঠা এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৩১ শতাংশ জমি আছে। এছাড়া ঢাকার বিভিন্ন স্থানে তিনটি ফ্ল্যাট, বিভিন্ন হিসাবে এক কোটি ২১ লাখ টাকার ডিপোজিট এবং কোম্পানির শেয়ার রয়েছে তার। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/১৯০৯ ঘ.