২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকের নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে মামলা করেছেন মওদুদ

সম্পত্তির হিসাব চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাঠানো নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট মামলা করেছেন সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2007, 02:14 PM

Updated : 26 Aug 2022, 08:17 PM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সম্পত্তির হিসাব চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাঠানো নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট মামলা করেছেন সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ। এ মামলায় স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, দুর্নীতি দমন কমিশনের সচিব ও মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে। সোমবার বিচারপতি এবিএম খায়রুল হক ও বিচারপতি মো. আশফাকুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে মওদুদের এই মামলার আংশিক শুনানি হয়েছে। মঙ্গলবার আবারো শুনানি হবে। রিট আবেদনে বলা হয়, গত ৩ জুলাই ব্যারিস্টার মওদুদ আহমেদের সম্পত্তির হিসাব চেয়ে একটি নোটিশ দেয় দুর্নীতি দমন কমিশন। এর আগে ১৩ এপ্রিল মওদুদের গ্রেপ্তারের দিন ও তার পরদিন তার বাসা থেকে সম্পত্তির কাগজপত্র জব্দ করে নিয়ে যায় যৌথবাহিনী। এ অবস্থায় ২৪ এপ্রিল মওদুদ স্বরাষ্ট্র সচিবের কাছে তার জব্দ কাগজপত্রের তালিকা চেয়ে একটি আবেদন করেন। ৭ জুলাই তিনি এ ব্যাপারে আরো একটি আবেদন করেন। কিন্তু তার আবেদনের কোনো জবাব স্বরাষ্ট্র সচিব দেননি। এ কারণে মওদুদ তার সম্পত্তির হিসাব দিতে পারছেন না বলে ওই আবেদনে উল্লেখ করা হয়। শুনানিতে মওদুদের পক্ষে অংশ নেন ব্যারিস্টার রফিকুল হক এবং রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/টিএইচ/জেকে/২০০৮ ঘ.