যশোর, জুলাই ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক শামছুর রহমানের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার যশোরে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
২০০০ সালের ১৬ জুলাই রাত ৮টার দিকে দৈনিক জনকণ্ঠের যশোর অফিসে সন্ত্রাসীরা গুলি চালিয়ে হত্যা করে শামছুর রহমানকে। তিনি ওই পত্রিকায় বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
প্রেসক্লাব যশোরের সভাপতি ফকির শওকত বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, সাংবাদিক শামছুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার বিকেলে প্রেসক্লাব চত্বরে আলোচনা সভা ও মিলাদ মাহফিল হবে।
যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান জানিয়েছেন, জেইউজের উদ্যোগে সকাল ৮টায় কবর জিয়ারত এবং বেলা ১১ টায় আইডিভি মিলনায়তনে স্মরণসভার আয়োজন করা হয়েছে।
বিএফইউজের কেন্দ্রীয় নেতারা স্মরণ সভার বক্তব্য রাখবেন বলে সাজেদ রহমান জানান।
এছাড়া শামছুর রহমানের পরিবারের পক্ষ থেকেও মিলাদ মাহফিল কোরানখানি ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে।
শামছুর রহমান হত্যা মামলাটি খুলনা দ্রুত বিচার আদালতে সাক্ষ্যগ্রহণ চলাকালে উচ্চ আদালতের নির্দেশে বিচারকার্য স্থগিত হয়ে যায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০২৮ ঘ.
bdnews24