ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কর্মপরিকল্পনা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা রোববার বলেছেন, আগামী বছর অক্টোবরের মধ্যে ছবিসহ চূড়ান্ত ভোটার তালিকার কাজ শেষ করা হবে। ডিসেম্বরের মধ্যে হবে সংসদ নির্বাচন।
নির্বাচন কমিশনে বেলা ১২ টায় জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে সিইসি বলেন, "এটি হচ্ছে নির্বাচনের রোড ম্যাপের 'কাট অফ ডেট'। যদি এর আগেই আমরা ভোটার তালিকা করে ফেলতে পারি তাহলে আগেই সংসদ নির্বাচন করে ফেলব।"
শামসুল হুদা বলেন, "এ সময়সীমার আগে যেখানে যেখানে চূড়ান্ত ভোটার তালিকার কাজ শেষ হবে, পরিস্থিতি অনুকূলে থাকলে সেসব এলাকায় সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন পরিষদসহ স্থানীয় নির্বাচনগুলো করা হবে। ছবিসহ ভোটার তালিকার কাজ শুরু করার পাশপাশি চলবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচনী সংস্কারমূলক আইন নিয়ে আলোচনা।" (সমন্বিত)
সংবাদ সম্মেলনে অন্য দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও সাখাওয়াত হোসেন, কমিশন সচিব মুহাম্মদ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
আগামী বছর ফেব্র"য়ারি নাগাদ কমিশন নির্বাচনী সংস্কারমূলক আইনগুলো চূড়ান্ত করবে- এ তথ্য জানিয়ে সিইসি আরও বলেন, "আইনগুলোর খসড়া নিয়ে আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলতি বছরের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর- এই তিনমাস আলোচনা করব। এছাড়া দলগুলোর সঙ্গে স্বচ্ছ ব্যালট বাক্সের বিষয়ে আলোচনা করতে হবে। স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারের বিষয়টি পুনর্বিবেচনা করতে হবে। কারণ এটি অত্যন্ত ব্যয়বহুল।"
ওই সময়ের মধ্যে ঘরোয়া রাজনীতি শুরু না হলে কমিশন কীভাবে দলগুলোর সঙ্গে আলোচনা করবে, জানতে চাইলে তিনি বলেন, "এই সময়ের মধ্যে ঘরোয়া রাজনীতি চালু হবে বলে আমরা আশা করছি। কমিশন কোনো শূন্যতার ওপর কাজ করে না। আমরা বিভিন্ন পর্যায়ে আলাপ- আলোচনা করেই এ আশা প্রকাশ করছি।"
সংবাদ সম্মেলনে আগামী জাতীয় ও স্থানীয় পর্যায়ের নির্বাচনকে ঘিরে চলতি বছরের জানুয়ারি থেকে ২০০৮ সালের ডিসেম্বর পর্যন্ত নির্বাচন কমিশনের মাসওয়ারি বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। এগুলো হচ্ছে- চলতি বছর ফেব্র"য়ারিতে কমিশনারদের নিয়োগ, ফেব্র"য়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কমিশনের অভ্যন্তরীণ পুনর্গঠন, একই সময় আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার, এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত বিশিষ্ট ব্যক্তি ও সংগঠনের সঙ্গে আলোচনা, মে থেকে ডিসেম্বর- গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা, সেপ্টেম্বর থেকে নভেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা, সেপ্টেম্বর থেকে আগামী বছরের ফেব্র"য়ারি পর্যন্ত আইনি সংস্কার অনুমোদন ও জারি, এ বছর এপ্রিল থেকে আগামী বছর অক্টোবর পর্যন্ত প্রস্তুতিসহ চূড়ান্ত ভোটার তালিকা তৈরি, আগামী বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত নির্বাচনী সীমানা নির্ধারণ, আগামী বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সিটি করপোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন, আগামী বছর জুনের মধ্যে রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের শেষ করা এবং আগামী বছর অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর- এই তিন মাসের মধ্যে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা ও নির্বাচন অনুষ্ঠান।
শামসুল হুদা সংবাদ সম্মেলনে বলেন, "এখন রাজনৈতিক দলগুলোর ভেতর নিজস্ব সংস্কার চলছে। তারা কী সংস্কার করছেন, সেটা তাদের ব্যাপার। কিন্তু এই সংস্কার তো শেষ হতে হবে; এর একটি ফল পেতে হবে। আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করব, কিন্তু তার মানে এই নয় যে, তারা যা বলবেন, তা আমরা অক্ষরে অক্ষরে পালন করব।"
তিনি জানান, আগামী বছর জুন মাসের পর আর কোনো রাজনৈতিক দলকে নিবন্ধন করা হবে না। এবারই প্রথম নির্বাচনের অংশগ্রহণ করার জন্য রাজনৈতিক দলগুলোকে বাধ্যতামূলকভাবে নিবন্ধন করতে হবে।
ছবিসহ ভোটার তালিকা তৈরি, ভোটারদের জাতীয় পরিচয়পত্র দেওয়া এবং স্থানীয় ও জাতীয় নির্বাচনের জন্য জনগণ, রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন ও এনজিওদের সহযোগিতা চান সিইসি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/জিএমএ/এসএনডি/জিএনএ/১৭০৯ ঘ.
bdnews24