সিলেট, জুলাই ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিলেটের কানাইঘাটে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর বাড়ির মালামাল জব্দ করেছে পুলিশ। অবশ্য দর্পননগরের ওই বাড়ি থেকে 'সম্পদ' বলতে পাওয়া গেছে কেবল একটি সোফা সেট ও একটি আলনা।
বন্যপ্রাণী সংরক্ষণ আইনে দায়ের করা মামলায় আদালত হারিছ চৌধুরীর সম্পদ জব্দের নির্দেশ দেওয়ার পর শনিবার কানাইঘাট থানা পুলিশ তার বাড়ির মালামাল থানায় নিয়ে যায়।
কানাইঘাট থানা পুলিশ সূত্র জানায়, দর্পননগরে হারিছ চৌধুরীর বাড়িতে ছয়টি হরিণ উদ্ধার করায় সিলেটের বন বিভাগ তার বিরুদ্ধে মামলা করে।
গত ৪ জুলাই সিলেটের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত এ মামলায় হারিছ চৌধুরীর সম্পদ জব্দের আদেশ দেয়। শনিবার দুপুর সাড়ে ১২টায় কানাইঘাট পুলিশের একটি দল মালামাল জব্দ করতে গেলে তার ছোট ভাই কামাল চৌধুরীর স্ত্রী সাফিয়া চৌধুরী হারিছ চৌধুরীর কক্ষ থেকে একটি সোফা সেট ও একটি আলনা বুঝিয়ে দেন।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চক্রবর্তী বলেন, "বাড়িতে সম্পত্তি বলতে কেবল ওই সোফা সেট ও আলনাটি ছিল। পুলিশ সেগুলো নিয়ে এসেছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/২২০৬ ঘ.
bdnews24