কুমিল্লা, জুলাই ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা শহরের কান্দির পাড় এলাকা থেকে শনিবার ভোরে ঢাকার নর্দান ইউনির্ভার্সিটির বিবিএ ছাত্র ইমতিয়াজ উদ্দিন শুভর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুভ দাউদকান্দি পৌরসভার সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন আহামেদের ছেলে। শুক্রবার রাতে বন্ধুরা তাকে খুন করেছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
শুভর স্বজনরা জানান, শুক্রবার বিকেলে তৌহিদ নামে এক বন্ধুকে নিয়ে বাড়িতে বেড়াতে আসে শুভ। এরপর তারা কুমিল্লা শহরে ঘুরতে যায়। রাত দেড়টা পর্যন্ত মোবাইল ফোনে তার সঙ্গে পরিবারের সদস্যদের যোগাযোগ ছিল।
শনিবার ভোরে তৌহিদ ঢাকায় শুভর বাসায় ফোন করে জানায় সে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। এর পর ওই নম্বরে ফোন করে তৌহিদকে আর পাওয়া যায়নি।
এ ঘটনায় শুভর চাচা নাদিম উদ্দিন বাদী হয়ে তৌহিদ ও সোহান নামে শুভর দুই বন্ধুর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।
কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তপন চন্দ্র সাহা জানান, লাশের সুরহতাল প্রতিবেদনে দেহের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনার তদন্ত চলছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/২০৫৫ ঘ.
bdnews24