ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভবনের নকশা জাল করে আসল হিসেবে চালানোর অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মকর্তা নিখিল চন্দ্র দাসকে গ্রেপ্তার করে উত্তরা থানায় সোপর্দ করেছে যৌথ বাহিনী।
উত্তরা থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক আনিসুর রহমান জানান, যৌথ বাহিনী বৃহস্পতিবার গভীর রাতে উত্তরার ১১ নম্বর সেক্টরে নিখিল চন্দ্র দাসের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ জাল দলিল, স্ট্যাম্প, সিল ও ভবনের নকশা উদ্ধার করা হয়। পরে তাকে উত্তরা থানায় সোপর্দ করা হয়।
আনিসুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যায় শওকত আলীর নামের এক ব্যাক্তি জাল নকশা আসল হিসেবে চালানো ও ৪০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে নিখিল চন্দ্র দাসের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। নিখিল চন্দ্র দাসকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/এমএইচবি/০২৫০ ঘ.
bdnews24