রংপুর, জুলাই ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রংপুর-২ আসনের সাবেক সাংসদ জাতীয় পার্টির নেতা মোহাম্মদ আলী সরকার এবং তার দুই সহযোগীর বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে এক লাখ ২৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছেন এক যুবক।
বুধবার রংপুরের ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া এলাকার জাহাঙ্গীর আলম।
ম্যাজিস্ট্রেট লুবনা ছিদ্দিকা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।
মামলার অপর দুই আসামী হলেন, মোশারফ হোসেন ও শওকত আলী।
এজাহারে অভিযোগ করা হয়, স্থানীয় পাকুরের ডাঙ্গা মাদ্রাসায় শিক্ষকের চাকরি দেওয়ার কথা বলে বাদীর কাছ থেকে এক লাখ ২৮ হাজার টাকা নেন মোহাম্মদ আলী সরকার। কিন্তু চাকরি না দিয়ে বাদীকে ঘোরাতে থাকেন।
চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইতে গেলে চলতি বছরের ২৩ জুন মোহাম্মদ আলী সরকার বাদীকে বাড়িতে ডেকে নিয়ে টাকা দেবেন না বলে জানিয়ে দেন। ওই সময় অন্য আসামীরা বাদীকে প্রাণনাশের হুমকিও দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১৯১৪ ঘ.
bdnews24