২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের দুটি পাটকলে বকেয়া টাকা পরিশোধের আহ্বান পাট ব্যবসায়ীদের

চট্টগ্রাম অঞ্চলে বিজেএমসি আওতাধীন দুটি পাটকলে বকেয়া টাকা পরিশোধের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পাট সরবরাহকারী ব্যবসায়ীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2007, 11:56 AM

Updated : 26 Aug 2022, 08:16 PM

চট্টগ্রাম, জুলাই ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম অঞ্চলে বিজেএমসি আওতাধীন দুটি পাটকলে বকেয়া টাকা পরিশোধের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পাট সরবরাহকারী ব্যবসায়ীরা। বুধবার দুপুরে চিটাগাং প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা দাবি করেন, বিজেএমসির আওতাধীন এম এম এবং আর আর জুট মিলের কাছে তাদের প্রায় দুই কোটি ৫০ লাখ টাকা পাওনা রয়েছে। একই সঙ্গে তারা জানান, চট্টগ্রাম অঞ্চলের রাষ্ট্রায়াত্ত সাতটি মিলে ব্যবসায়ীদের মোট ৪০ কোটি টাকা পাওনা রয়েছে। পাট ব্যবসায়ীদের পক্ষে লিখিত বক্তব্যে মো. আবদুল হক জানান, দীর্ঘদিন ধরে বকেয়া পরিশোধের জন্য বিজেএমসি এবং পাটকলগুলোর কর্তৃপক্ষের কাছে নানা দেনদরবার করলেও কর্তৃপক্ষ কোনও উদ্যোগ নেয়নি। ফলে বিপুল পরিমাণ অর্থ লগ্নী করে ৪০ জন ব্যবসায়ী এখন বিপর্যয়ের মুখে। এ মানবিক বিপর্যয়ের হাত থেকে রক্ষার জন্য বকেয়া টাকা পরিশোধে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে উদ্যোগ নেওয়ার আহবান জানান তারা। সংবাদ সম্মেলনে বলা হয়, গত অর্থ বছরে (২০০৬-০৭) মিল কর্তৃপক্ষ ব্যবসায়ীদের ডেকে নিয়ে নিয়মতান্ত্রিক সিরিয়াল অনুযায়ী নিয়মিত পাটের বিল পরিশোধ করার অঙ্গীকার করে পাট সরবরাহের আহবান জানায়। সে অনুযায়ী পাট ব্যবসায়ীরা এম এম এবং আর আর জুট মিল দুটোতে পাট সরবরাহ করেন। কিন্তু মিল কর্তৃপক্ষ প্রাথমিকভাবে অল্প কিছু পাটের বিল পরিশোধ করার পর অবশিষ্ট বিল আর পরিশোধ করেনি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মো. মহর উদ্দিন, লুৎফর রহমান, শাহজাহান সওদাগর প্রমুখ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৫৪৩ ঘ.