ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--বিশেষ জজ আদালতের সামনে মঙ্গলবার আওয়ামী লীগ নেতা মহিউদ্দীন খান আলমগীরের পক্ষে সাফাই সাক্ষ্য দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান, অর্থনীতিবীদ আবুল বারাকাত। এ ছাড়াও সাক্ষ্য দিয়েছেন আমেরিকা--বাংলাদেশ চেম্বর অব কমার্সের সাবেক সভাপতি ফরেস্ট কুক।
দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় বিশেষ জজ আদালত--৩ এর বিচারক শাহেদ নূরউদ্দিনের আদালতে তারা সাফাই সাক্ষ্য দেন।
ড. আকবর আলি খান আদালতে বলেন, "আমি ১৯৬১ সাল থেকে মহীউদ্দিন খানের সঙ্গে চাকরিতে ছিলাম। তাকে সরকারের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে দেখেছি। তিনি ৪/৫ বছর ইসলামী উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। এজন্য তাকে প্রায়ই দেশের বাইরে যেতে হয়েছে। এ ছাড়াও তিনি একজন লেখক ও পরামর্শক হিসেবে কাজ করে সম্মানি হিসেবে অনেক অর্থ উপার্জন করেছেন। যে কারণে একজন যুগ্ম সচিবের তুলনায় তার আয় বেশি ছিল।
আকবর আলী খান আরও বলেন বলেন, "আমি ছাত্র জীবন থেকেই মহিউদ্দিন খানকে খুবই সাধারণ জীবন--যাপন করতে দেখে এসেছি।"
আবুল বারকাত সাফাই সাক্ষ্যতে বলেন, "১৬ বছর ধরে আমি মহিউদ্দিন খান আলমগীরকে চিনি। শিক্ষক, আমলা এবং লেখক হিসেবে আমলাদের মধ্যে সফল অর্থনীতিবীদ যদি কাউকে বলা হয় তাহলে আমি তার নামই বলব।"
তিনি বলেন, "মহিউদ্দিন খান একজন স্বচ্ছ আয়ের মৃতব্যয়ী মানুষ। তিনিই দেশের পঞ্চবাষির্কী পরিকল্পনার সফল রূপকার। তার লেখা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেফারেন্স বুক হিসেবে পড়ানো হয়। এছাড়া, তিনি আমলা হিসেবে অর্থনীতির শাস্ত্রীয় এবং বাস্তব চর্চার সফল সমন্বয়ক। বাংলা ভাষায় অর্থনীতি চর্চার শুরুও হয়েছে তিনি যখন অর্থনীতি সমিতির সভাপতি ছিলেন তখন থেকে।"
আমেরিকা--বাংলাদেশ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ফরেষ্ট কুকসন বলেন, "মহিউদ্দিন খান আলমগীর যখন পরিকল্পনা প্রতিমন্ত্রী ছিলেন তখন তিনি বাংলাদেশের সঙ্গে অক্সিডেন্টাল ও কেয়ার্নস কোম্পানির তেল সংক্রান্ত একটি চুক্তিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন। যে চুক্তিতে বাংলাদেশ খুবই লাভবান হয়েছিল। এ দেশে গরিব মানুষের জন্য যে অর্থনীতি তা তার স্বচ্ছতা, সততা এবং কর্মদক্ষতার কারণে অনেক উন্নত হয়েছে।"
গত ৬ মার্চ তেজগাঁ থানায় মহিউদ্দিন খান আলমগীরের বিরুদ্ধে কমিশনের উপ--পরিচালক জীবন কৃষ্ণ রায় বাদি হয়ে এই মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, মহিউদ্দিন খান আলমগীর আইএফআইসি ব্যাংক, কারওয়ান বাজার শাখায় তার ৬টি স্থায়ী আমানতে (এফডিআর) তার ১ কোটি ১৭ লাখ টাকা থাকার কথা কমিশনে দাখিল করা সম্পত্তির হিসাব বিবরণীতে গোপন করেছেন।
এরপর অধিকতর তদন্ত শেষে কমিশনের উপ--পরিচালক সৈয়দ ইকবাল হোসেন আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন। ওই অভিযোগপত্রে জানা আয়ের বাইরেও তার ২ কোটি ১০ লাখ ৮৮ হাজার ৪৬০ টাকার সম্পত্তির হিসাব পাওয়ার কথা বলা হয়েছে।
২৭ মে অভিযোগ গঠনের পর ২৯ মে থেকে এ মামলায় সাক্ষ্য নেওয়া শুরু হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এমএইচবি/২০২৪ ঘ.
bdnews24