২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যামপুর-কদমতলী শিল্প এলাকায় বর্জ্য শোধনাগার স্থাপনের দাবি

শ্যামপুর-কদমতলী শিল্প এলাকায় যৌথ বর্জ্য শোধনাগার বা এনভায়র্নমেন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) স্থাপনের দাবি জানিয়েছে শ্যামপুর কদমতলী শিল্প মালিক সমিতি। তা নাহলে এ এলাকার দুশ' শিল্প মালিককে পথে বসতে হবে বলে আশংকা করছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2007, 11:50 AM

Updated : 26 Aug 2022, 08:15 PM

ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শ্যামপুর-কদমতলী শিল্প এলাকায় যৌথ বর্জ্য শোধনাগার বা এনভায়র্নমেন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) স্থাপনের দাবি জানিয়েছে শ্যামপুর কদমতলী শিল্প মালিক সমিতি। তা নাহলে এ এলাকার দুশ' শিল্প মালিককে পথে বসতে হবে বলে আশংকা করছেন তারা। সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে যৌথ বর্জ্য শোধনাগার স্থাপনের এ দাবি জানানো হয়। স্থানীয় বেসরকারী সংস্থাগুলোর সংগঠন কোয়ালিশন অব লোকাল এনজিও'স বাংলাদেশ (সিএলএনবি) ও শ্যামপুর কদমতলী শিল্প মালিক সমিতি যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, শ্যামপুর-কদমতলী এলাকায় শিল্পাঞ্চল স্থাপনের জন্য ডিআইটি (বর্তমানে রাজউক) ১৯৮২ সালে জমি অধিগ্রহণ শুরু করে। ১৯৮৭-৮৮ সালে প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে বরাদ্দকৃত ৫, ১০ ও ২০ কাঠা প্লটের ওপর এ এলাকায় শিল্প স্থাপন শুরু হয়। বর্তমানে এ এলাকায় ক্ষুদ্র ও মাঝারী আকারের দু'শটি শিল্প কারখানা রয়েছে। শিল্পকারখানাগুলোর বেশিরভাগই টেক্সটাইল ডাইং ও প্রিন্টিং কারখানা। বক্তারা অভিযোগ করেন, প্লট বরাদ্দের সময় কারখানার আশেপাশে খালি জায়গাসহ পরিবেশ সংরক্ষনের অপরিহার্য শর্ত পূরণের কোনো সুযোগ রাখা হয়নি। দু মাস আগে পরিবেশ অধিদপ্তর এক গণবিজ্ঞপ্তিতে ওই এলাকার শিল্প কারখানাগুলোকে আগামী ৭ অক্টোবরের মধ্যে বর্জ্য শোধনাগার স্থাপনের নির্দেশ দিয়েছে। এই সময়সীমা অতিবাহিত হলে শিল্পগুলো বন্ধ হয়ে যেতে পারে বলে আশংকা করছেন শিল্প মালিকরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফ উদ্দীন আহমেদ। আরো বক্তব্য রাখেন মেজর জেনারেল (অব.) আমিন আহমেদ চৌধুরী, অ্যাডভোকেট দেলোয়ার হোসেনসহ শিল্প মালিকরা। সাইফ উদ্দীন আহমেদ জানান, একটি কারখানায় বর্জ্য শোধানাগার স্থাপনের জন্য অন্তত তিন কাঠা জমির প্রয়োজন। এখন তাদের যে ৫, ১০ ও ২০ কাঠার প্লটগুলো রয়েছে তার পুরোটা জুড়েই রয়েছে কারখানা ও আনুষঙ্গিক স্থাপনা। সেখান থেকে কোনোভাবেই তিন কাঠা জায়গা বের করা সম্ভব নয়। তাছাড়া একটি শোধনাগার করতে জমি ছাড়াই খরচ হবে অন্তত ৪০ লাখ টাকা, যা অনেক ক্ষুদ্র কারখানার মালিক বহন করতে পারবেন না। এরকম পরিস্থিতিতে শিল্প মালিকরা পুরো এলাকার শিল্প মালিকদের জন্য একটি যৌথ বা কেন্দ্রীয় শোধনাগার স্থাপনের দাবি জানিয়েছেন। শ্যামপুর শিল্প এলাকায় বিএডিসির প্লটে বা ওয়াসার খালি জায়গায় এ কেন্দ্রীয় শোধনাগার স্থাপন করা যেতে পারে বলে তারা মনে করেন। সরকার সেখানে কেন্দ্রীয় শোধনাগার স্থাপনের উদ্যোগ নিলে মালিক সমিতি সবরকম সহায়তার আশ্বাসও দিয়েছে সংবাদ সম্মেলনে। মেজর জেনারেল (অব.) আমিন আহমেদ চৌধুরী বলেন, কোনো মহাপরিকল্পনা (মাস্টারপ্ল্যান) ছাড়াই (শ্যামপুর কদমতলী এলাকায় )এ শিল্পাঞ্চল স্থাপন করা হয়েছে। এখানে এখন পানি, গ্যাস, স্যুয়ারেজ, রাস্তা ও ড্রেনেজ ব্যাবস্থা খুবই অপ্রতুল। এ কারণে অনেক মালিক নিজ উদ্যোগে গভীর নলকূপ স্থাপন করেছেন। ওই এলাকায় শিল্প বান্ধব পরিবেশ গড়ে তোলার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসি/১৭৩২ ঘ.