ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সম্পত্তির তথ্য গোপন ও অবৈধভাবে সম্পত্তি অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় সোমবার মঞ্জুরুল আহসান মুন্সী, তার স্ত্রী এবং দুই ছেলের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আশরাফ হোসেনের আদালতে অভিযোগ গঠন করা হয়। মঙ্গলবার থেকে এই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে।
এর আগে রোববার এই মামলায় মঞ্জুরুল আহসান মুন্সীর স্ত্রী মাজেদা আহসান বিশেষ জজ আদালত-৫ এ আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার স্বামী মঞ্জুরুল আহসান মুন্সী ওই মামলায় আগে থেকেই কারগারে আটক রয়েছেন। দুই ছেলে রেজাওনুল আহসান ও রিজভিওল আহসান উচ্চ আদালতের নির্দেশে জামিনে রয়েছেন।
দুর্নীতি দমন কমিশনে দাখিল করা হিসাব বিবরণীতে সম্পত্তির তথ্য গোপন ও অবৈধভাবে সম্পত্তি অর্জনের অভিযোগে গত ২৭ মার্চ কমিশন মঞ্জুরুল আহসান মুন্সী, তার স্ত্রী এবং দুই ছেলের বিরুদ্ধে রমনা থানায় মামলা দায়ের করে।
গত ১৭ জুন মামলার অভিযোগপত্রে বলা হয়, আসামীরা কমিশনে দাখিল করা সম্পত্তির হিসাব বিবরণীতে প্রায় ৩ কোটি ১৩ লাখ টাকার সম্পত্তির তথ্য গোপন এবং ৫ কোটি ৩৭ লাখ টাকার অবৈধ সম্পত্তি অর্জন করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/জিএনএ/১৬৩০ ঘ.
bdnews24