২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানে গোল্ডেন হ্যান্ডশেকের পরই আবার কর্মচারি নিয়োগ

বিমান ১৮৬৩ জন কর্মকর্তা -- কর্মচারিকে 'গোল্ডেন হ্যান্ডশেক' কর্মসূচির আওতায় স্বেচ্ছা-অবসর দিয়ে লোকবল সঙ্কটে পড়েছে। সঙ্কট মোকাবিলায় এখন আবার সেই ১৮৬৩ জন থেকেই প্রায় এক হাজার কর্মকর্তা -- কর্মচারিকে দৈনন্দিন কাজের ভিত্তিতে নিয়োগ দিয়েছে বিমান। বিমানের ব্যবস্থাপনা পরিচালক এম এ মোমেন ঘটনার সত্যতা স্বীকার করে বৃহস্পতিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "লোকসানী প্রতিষ্ঠান বিমানকে বাঁচাতেই গোল্ডেন হ্যান্ডশেক কর্মসূচি নেওয়া হয়েছে। আর 'নো ওয়ার্ক, নো পে' এই নীতিতে দৈনন্দিন কাজের ভিত্তিতে দক্ষ কিছু লোককে নিয়োগ দেওয়ায় তা বিমানের জন্য সাশ্রয়ী হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2007, 06:56 AM

Updated : 26 Aug 2022, 08:14 PM

বিপ্লব রহমান সিনিয়র প্রতিবেদক, বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- বিমান ১৮৬৩ জন কর্মকর্তা -- কর্মচারিকে 'গোল্ডেন হ্যান্ডশেক' কর্মসূচির আওতায় স্বেচ্ছা-অবসর দিয়ে লোকবল সঙ্কটে পড়েছে। সঙ্কট মোকাবিলায় এখন আবার সেই ১৮৬৩ জন থেকেই প্রায় এক হাজার কর্মকর্তা -- কর্মচারিকে দৈনন্দিন কাজের ভিত্তিতে নিয়োগ দিয়েছে বিমান। বিমানের ব্যবস্থাপনা পরিচালক এম এ মোমেন ঘটনার সত্যতা স্বীকার করে বৃহস্পতিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "লোকসানী প্রতিষ্ঠান বিমানকে বাঁচাতেই গোল্ডেন হ্যান্ডশেক কর্মসূচি নেওয়া হয়েছে। আর 'নো ওয়ার্ক, নো পে' এই নীতিতে দৈনন্দিন কাজের ভিত্তিতে দক্ষ কিছু লোককে নিয়োগ দেওয়ায় তা বিমানের জন্য সাশ্রয়ী হবে।" তিনি জানান, যারা স্বেচ্ছায় অবসরে গেছেন তাদের যাবতীয় পাওনা এক মাসের মধ্যে পরিশোধ করা সম্ভব হবে। তবে প্রথমে তারা পাবেন প্রভিডেন্ট ফান্ডের টাকা। কারণ, এ অর্থ বিমানের নিজস্ব তহবিল থেকে দেওয়া হবে। আর পেনশন ও গ্র্যাচুইটির টাকা দেওয়া হবে বিশ্ব ব্যাংক থেকে পাওয়া তহবিল থেকে। এদিকে বিমানের একটি সূত্র জানায়, ১৮৬৩ জন কর্মকর্তা ও কর্মচারীকে অবসর দিতে প্রয়োজন হবে মোট ৩২৫ কোটি টাকা। এর মধ্যে ইতিমধ্যে ২৯৭ কোটি টাকা দিতে সম্মত হয়েছে অর্থ মন্ত্রণালয়। নাম প্রকাশ না করার শর্তে বিমানের একজন ট্রেড ইউনিয়ন নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, "বহু বছর বিমানে নিয়মিত বেতনে কাজ করানোর পর কর্মকর্তা -- কর্মচারিদের গোল্ডেন হ্যান্ডশেক দিয়ে আবারো তাদের দৈনন্দিন মজুরির ভিত্তিতে কাজ করানো অপমানজনক বিষয়। এটি বিমানের অদূরদর্শীতার কারণেই হয়েছে।" তিনি আরো বলেন, "গোল্ডেন হ্যান্ডশেকের পাওনা টাকা আটকে যাওয়ার ভয়েই কর্মকর্তা -- কর্মচারিরা বাধ্য হয়ে দৈনন্দিন মজুরি নিয়ে কাজ করছেন।" বিমান সূত্র জানায়, যাদের চাকরির বয়স ১০ বছরের কম তাদের আবেদন বিবেচনা করা হয়নি। যাদের চাকরি ২৫ বছরের বেশি তাদের আবেদনই চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে। তবে যারা বিমানের ককপিটে কাজ করেন তাদের আবেদন বিবেচনায় আনা হয়নি। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পরপরই বিমান পুনর্গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করতে মার্চ মাসে তখনকার বিমান সচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশ অনুযায়ী বিমানকে পাবলিক লিমিটেড কোম্পানি (পিএলসি) করার সিদ্ধান্ত নেয় উপদেষ্টা পরিষদ। কমিটির সুপারিশে আরো বলা হয়, বিমানকে পিএলসিতে রূপান্তর করার আগে লোকবল ৪ হাজার ৮০০ থেকে অর্ধেকে নামিয়ে আনতে হবে। এরপর গোল্ডেন হ্যান্ডশেক কর্মসূচি হাতে নেয় বিমান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এসি/১২৩৮ ঘ.