রংপুর, জুলাই ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুস্থ মায়েদের জন্য বরাদ্দ করা ৮৫ বস্তা আটা পাওয়া গেছে মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রসুলের বাড়িতে।
বৃহস্পতিবার দুপুরে ওই ইউনিয়নের জুমাজলসত্তর গ্রামে চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়ে ওই আটা উদ্ধার করে পুলিশ। তবে অভিযানের খবর পেয়ে পালিয়ে যান গোলাম রসুল।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদুল হক জানান, রানীপুকুর ইউনিয়নের ২৩৫ জন দুস্থ মায়ের জন্য অস্ট্রেলিয়া থেকে আমদানি করা উন্নত মানের ওই আটা বরাদ্দ করা হয়। এর মধ্যে ৮৫ বস্তা আটা গোলাম রসুল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে বাড়িতে মজুদ করে বলে খবর পেলে পুলিশ অভিযান চালিয়ে তা উদ্ধার করে।
এ ঘটনায় উপপরিদর্শক বশির উদ্দিন বাদী হয়ে মিঠাপুকুর থানায় মামলা করেছেন।
আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে ওসি জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৫৩ ঘ.
bdnews24