ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রোজায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্থিতিশীল রাখতে ক্ষুদ্র আমদানিকারকদের সহায়তা করার উদ্যোগ নিচ্ছে সরকার।
ডাল ও ভোজ্য তেল আমদানিতে ক্ষুদ্র ব্যবসায়ীদের নিয়ে একটি গ্র"প গঠনের কথা সরকার সক্রিয়ভাবে ভাবা হচ্ছে। তাদের কী কী ভাবে সহায়তা দেওয়া যায়, তা নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করবে সরকার। এছাড়া বন্ধ থাকা ভোজ্য তেল পরিশোধন কারখানাগুলো পুনরায় চালু করতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে।
রোজাকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের আমদানি সংক্রান্ত এক বৈঠকে বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. গোলাম মোস্তাকিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ক্ষুদ্র আমদানিকারকরা যাতে ডাল ও ভোজ্য তেল আমদানি করতে পারে, সে জন্য তাদের নিয়ে একটা গ্র"প করার চিন্তাভাবনা হচ্ছে। তাদের সহায়তার বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করা হবে।"
অতিরিক্ত সচিব জানান, রোজার সময় নিত্যপ্রয়োজনীয় পণ্য চট্টগ্রাম ও ঢাকার আড়ৎ থেকে সরাসরি জেলা পর্যায়ে পৌঁছনো হবে। এছাড়া মধ্যস্বত্বভোগীরা যেন কোনও ফায়দা নিতে পারে, সে বিষয়টিও নিশ্চিত করা হবে। একই সঙ্গে ব্যবসায়ীরা যাতে হঠাৎ করেই মূল্য বাড়িয়ে দিতে না পারে, সে লক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মজুত এবং আমদানির পরিমাণ ও ব্যয় সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হবে।
বন্ধ থাকা ৪০টির মতো ভোজ্য তেল পরিশোধন কারখানা পুনরায় চালু করার ব্যাপারে সংশ্লিষ্ট ব্যাবসায়ীদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে বলেও গোলাম মোস্তাকিন জানান।
তিনি আরও জানান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ এবং ক্রয়মূল্য সহনীয় পর্যায়ে রাখতে বাজারে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে।
বাণিজ্য সচিব ফিরোজ আহমেদের সভাপতিত্বে ওই বৈঠকে খুচরো, মাঝারি ও বড় আমদানিকারকরা উপস্থিত ছিলেন।
সরকার ইতোমধ্যে রোজার মাস সামনে রেখে টিসিবির মাধ্যমে ৩০ হাজার টন ভোজ্য তেল, ৩ হাজার টন ডাল, ৫০০ টন পেঁয়াজ ও ২০০ টন ছোলা আমদানির সিদ্ধান্ত নিয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি--এএইচডি/আরবি/এমআই/১৪৩৫ ঘ.
bdnews24