ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--কর ফাঁকির অভিযোগে সাবেক সাংসদ মোসাদ্দেক আলী ফালুর স্ত্রী মাহবুবা সুলতানার বিরুদ্ধে মামলা করেছে জাতীয় রাজস্ব বোর্ড।
বৃহস্পতিবার ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলাটি দায়েরের পর বিচারক মো. আজিজুল হক শুনানি শেষে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
জাতীয় রাজস্ব বোর্ড এর উপকমিশনার মো. মাসুদুর রহমান মাসুদ মামলাটি দায়ের করেন।
মামলায় বলা হয়েছে, অভিযুক্ত মাহবুবা সুলতানা কর অঞ্চল ৫ এর একজন আয়কর দাতা। তিনি ২০০১-০২ থেকে ২০০৫-০৬ পর্যন্ত বিভিন্ন কর বর্ষে প্রতিবছর সম্পত্তি ও ব্যাংক বিবরণে মিথ্যা তথ্য দিয়েছেন।
এতে আরো বলা হয়, তিনি আসবাবপত্র, মৎস্য, বাড়ি নির্মাণ, শেয়ার বিনিয়োগ, উৎসব ভাতা, স্থায়ী আমানত ইত্যাদি খাতের মিথ্যা তথ্য আয়কর বিভাগে জমা দিয়ে সর্বমোট ৬ কোটি ৩২ লাখ ২২ হাজার ৯৩২ টাকার আয় গোপন করেছেন। এছাড়া তিনি এই মিথ্যা তথ্য বিবরনীর মাধ্যমে উল্লিখিত আয়ের উপর এক কোটি ৫৮ লাখ ৫ হাজার ৭৩৩ টাকা কর ফাঁকি দিয়েছেন।
মামলায় ফালুর স্থায়ী ঠিকানা ৭৯৭ দক্ষিণ শাহজাহানপুরের ঠিকানায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আর্জিতে বাদীসহ নয়জনকে সাক্ষী হিসেবে দেখানো হয়েছে।
মামলার আর্জিতে আরও বলা হয়েছে, আসামী একজন সচেতন এবং সম্মানিত ব্যক্তি হওয়া সত্ত্বেও প্রচলিত আইনের প্রতি বৃদ্ধাঙ্গুল দেখিয়ে প্রকৃত সম্পদের আয়-ব্যয় ও সম্পদের তথ্য গোপন করে আয়কর বিভাগে মিথ্যা তথ্য দিয়ে আয়কর ফাঁকির অপরাধ করেছেন যা শাস্তিযোগ্য অপরাধ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/জিএনএ/১৫৩০ ঘ.
bdnews24