ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --মেঘে ঢাকা আকাশ দেখে বৃহস্পতিবার রাজধানীবাসীর ঘুম ভাঙ্গার পরই শুরু হয় ঝিরিঝিরি বৃষ্টি।
আবহাওয়া অধিদপ্তরের কর্তব্যরত এক কর্মকর্তা সকালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, মৌসুমী বায়ুপ্রবাহ এবং বজ্র মেঘ বা সঞ্চালনশীল মেঘমালা উত্তর বঙ্গোপসাগর এলাকায় বৃহস্পতিবারও অবস্থান করছে।
এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দর তিনটিকে দেখানো তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বৃহস্পতিবারও বহাল থাকবে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
এ ছাড়া বৃহস্পতিবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জায়গায়, ঢাকা, সিলেট ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় সারাদিনই বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএফ/১০৩০ ঘ.
bdnews24