২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগে ঢাকা মেডিকেলে চিকিৎসক লাঞ্ছিত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগে চিকিৎসকদের মারধর করেছেন রোগীর আত্মীয়রা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2007, 06:25 PM

Updated : 26 Aug 2022, 08:14 PM

ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগে চিকিৎসকদের মারধর করেছেন রোগীর আত্মীয়রা। এ ঘটনায় ক্ষুব্ধ চিকিৎসকরা বুধবার সকালে হাসপাতালের সবগুলো ফটক বন্ধ করে দিয়ে প্রায় দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেন। পরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার সরকার এমএ মতিনের হস্তক্ষেপে কাজে ফেরেন তারা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিনিধি জানান, মঙ্গলবার রাত দেড়টার দিকে মো. বাদল (৩৫) নামের এক রোগী পেটের ব্যথার কারণে হাসপাতালের তিন নম্বর ওয়ার্ডে ভর্তি হন। কর্তব্যরত চিকিৎসক একটি ইনজেকশন দেওয়ার এক ঘণ্টার মধ্যে তার মৃত্যু হয়। বাদলের মৃত্যুর পর তার আত্মীয়-স্বজনরা কর্তব্যরত শিক্ষানবিশ চিকিৎসক ডা. তুহিন, ডা. সালাউদ্দিনকে মারধর করে ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে চলে যায়। হাসপাতালের নিবন্ধন বাইয়ের বরাত দিয়ে আমাদের প্রতিনিধি জানান, বাদলের বাসা কোতয়ালী থানার ৭৫ আগাসাদেক লেনে। এদিকে চিকিৎসকদের লাঞ্ছিত করার খবর ছড়িয়ে পড়লে শিক্ষানবিশ চিকিৎসকরা সকাল ছয়টা থেকে কাজ বন্ধ করে দেন। তারা হাসপাতালের চারটি ফটকে তালা দিয়ে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার সরকার এমএ মতিন সকাল আটটার দিকে সেখানে পৌঁছান। তিনি হাসপাতাল চত্বরে সার্বক্ষণিক নিরাপত্তার আশ্বাস দিলে চিকিৎসকরা কাজে ফিরে যান। এ ব্যাপারে শিক্ষানবিশ চিকিৎসক সমিতির মুখপাত্র ডা. মো. সাইফুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "কর্তব্যরত চিকিৎসকরা বাদল নামের ওই রোগীকে বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন। কিন্তু রোগীর সঙ্গে থাকা কিছু উগ্রপন্থী লোক পরিকল্পিতভাবে চিকিৎসকদের মারধর করে।" তিনি আরো বলেন, "আমরা দিনরাত ২৪ ঘণ্টা হাসপাতালের রোগীদের সেবা দিয়ে যাচ্ছি। কিন্তু আমাদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেই। নিরাপত্তার ব্যবস্থা করা না হলে এ ধরনের ঘটনা আবারো ঘটতে পারে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জেকে/এমএইচবি/২১৩৮ ঘ.