ঢাকা, জুলাই ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- হুন্ডি ব্যবসায়ী গিরিধারী লাল মোদী, নসরত আলী ও মনিরুজ্জামানকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে অপরাধ তদন্ত বিভাগ। এছাড়া দুর্নীতি দমন কমিশনের মামলায় সাবেক প্রধান বন সংরক্ষক এম. আনোয়ারুল ইসলামকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।
ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালত বুধবার এই আদেশ দেন।
বুধবার সিআইডি পরিদর্শক মো. কামাল উদ্দিন তাদেরকে ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন।
ওই আবেদনে বলা হয়, গিরিধারী লাল মোদী ও তার হুন্ডি চক্রের সহযোগী বদিউজ্জামানের নির্দেশে নসরত ও মনিরুজ্জামান আমেরিকান এক্সপ্রেস ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৪৫ লাখ ১৩ হাজার ১২০ টাকা বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাচার করেন। এ বিষয়ে আরো তথ্য জানার জন্য তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
শুনানির পর মহানগর হাকিম মীর আলী রেজা ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে, সাবেক প্রধান বন সংরক্ষক এম. আনোয়ারুল ইসলামকে দুর্নীতি মামলায় ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
বুধবার বিকেলে আনোয়ারুল ইসলামকে ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চান দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক তালেবুর রহমান।
শুনানির পর মহানগর হাকিম জগন্নাথ দাস খোকন ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সংস্থাপন মন্ত্রণালয়ের অনুমোদন না নিয়ে ৭৯ জনকে বন বিভঅগের বিভিন্ন পদে নিয়োগ দেওয়ার অভিযোগে কমিশনের সহকারী পরিচালক এস এম সাহিদুর রহমান গত ২৫ জুন গুলশান থানায় আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে এই দুর্নীতি মামলাটি দায়ের করেন। ওইদিনই তাকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/২৩২১ ঘ.
bdnews24