২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে পোশাক কারখানার শ্রমিক গুলিবিদ্ধ, অস্ত্রসহ গ্রেপ্তার ১

রাজধানীর মিরপুরে বুধবার সন্ত্রাসীদের গুলিতে পোশাক কারখানা 'পিকক ডিজাইন' এর কর্মী সুমন (২০) গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর বিক্ষুব্ধ শ্রমিকরা জাহিদুল ইসলাম রাজু নামের এক সন্ত্রাসীকে একটি রিভলবারসহ আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2007, 04:56 PM

Updated : 26 Aug 2022, 08:14 PM

ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে বুধবার সন্ত্রাসীদের গুলিতে পোশাক কারখানা 'পিকক ডিজাইন' এর কর্মী সুমন (২০) গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর বিক্ষুব্ধ শ্রমিকরা জাহিদুল ইসলাম রাজু নামের এক সন্ত্রাসীকে একটি রিভলবারসহ আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। মিরপুর থানার উপ-পরিদর্শক ফরীদা পারভীন জানান, সকাল নয়টার দিকে ৪/৫ জন সন্ত্রাসী ১০ নম্বর সেকশনের 'পিকক ডিজাইন' এর সামনে এসে ফাঁকা গুলি ছোঁড়ে। কারখানার মালিককে চাঁদা দিতে বাধ্য করার জন্য তারা এ কাজ করে। এসময় কারখানার শ্রমিকরা তাদের ধাওয়া করলে জাহিদুল ইসলাম রাজু ১১ নম্বর সড়কের একটি বাড়ির টয়লেটে আত্মগোপন করে। শ্রমিকরা বাড়িটি ঘিরে ফেললে রাজু ভেতর থেকে গুলি ছোঁড়ে। এতে কারখানার কর্মী সুমন বুকে গুলিবিদ্ধ হন। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা বাড়ির ভেতর তল্লাশী চালিয়ে একটি রিভলবার ও চারটি গুলির খোসাসহ রাজুকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় বলে ফরীদা পারভীন জানান। সুমনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপ-পরিদর্শক ফরীদা পারভীন আরো জানান, রাজু প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে, স্থানীয় সন্ত্রাসী রাজার নির্দেশে পিকক ডিজাইন এর মালিককে ভয় দেখানোর জন্য তারা ফাঁকা গুলি ছোঁড়ে। এ ঘটনায় মিরপুর থানায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জেকে/২২৪৯ ঘ.