ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- একটি দুর্নীতির মামলায় অ্যাডভোকেট সিগমা হুদার দায়ের করা রিট আবেদনটি বুধবার নাকচ করে দিয়েছে হাইকোর্ট। সিগমা তার আবেদনে উল্লেখ করেন, তিনি মানব পাচার বিষয়ক জাতিসংঘের বিশেষ তথ্যাসংগ্রাহক ও প্রতিবেদক (রেপোটিয়ার) হওয়ায় গ্রেপ্তার কিংবা আটকাদেশ থেকে রেহাই পাওয়ার অধিকার পেতে পারেন।
হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের বিচারক এবিএম খাইরুল হক এবং আসফাকুল ইসলাম তার আবেদন প্রত্যাখান করলেও বলেছেন, সিগমা হুদা আবেদন করলে বিচারিক আদালত তার আবেদন বিবেচনা করতে পারেন।
এদিকে, সিগমাকে গ্রেপ্তার করার ব্যাপারে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের কার্যকারিতা তিন সপ্তাহের জন্য স্থগিত করে দিয়ে দিয়েছে প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের একটি অবকাশকালীন বেঞ্চ।
হাইকোর্টের আদেশে সিগমা হুদাকে ৬ জুন থেকে পরবর্তী আট সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমপর্নের নির্দেশ দেওয়া হয়। তবে বুধবার আপিল বিভাগের আদেশের কারণে সিগমা হুদার গ্রেপ্তার এড়ানোর সুযোগ কমে গেল।
নাম প্রকাশে অনিচ্ছুক এক আইনজীবী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ প্রসঙ্গে বলেন, "আদালতের পরপর দুটি আদেশের কারণে পুলিশ বা অন্য কর্মকর্তাদের সিগমা হুদাকে গ্রেপ্তারের সুযোগ তৈরি হল।"
হাইকোর্টে শুনানিতে স্ত্রী সিগমা হুদার পক্ষে কিউসি আজমালুল হোসেন বলেন, জাতিসংঘ সনদের ৬ ধারায় অনুযায়ী জাতিসংঘের রেপোটিয়ার আটক কিংবা গ্রেপ্তার হওয়া থেকে সুরক্ষা পাবেন। তিনি তার যুক্তির পক্ষে বিভিন্ন দেশের উচ্চ আদালতের কিছু সিদ্ধান্তের কথাও তুলে ধরেন।
অতিরিক্ত এটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ তার যুক্তি খণ্ডন করে বলেন, সিগমা হুদা বাংলাদেশের আইনের উর্ধ্বে নয়।
প্রসঙ্গত, সাবেক যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদাকে হাইকোর্ট গত ৬ জুন আট সপ্তাহের মধ্যে ম্যাজিস্ট্রেট কোর্টে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়ে এ সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার না করার আদেশ জারি করে।
মীর জহির হোসেন নামে সড়ক ও জনপথ এর এক ঠিকাদার সিগমা হুদা এবং নাজমুল হুদার বিরুদ্ধে তার কাছ থেকে দুই কোটি ৪০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে ধানমন্ডি থানায় এই দুর্নীতি মামলাটি দায়ের করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এমএআর/টিএইচ/এমএইচবি/২০৪৭ ঘ.
bdnews24