ঢাকা, জুলাই ২(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উত্তরায় র্যাংগস ইলেকট্রোনিক্সের শোরুমে সোমবার ভোরে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে।
উত্তরার ৬ নম্বর সেক্টরের ৯ নম্বর সড়কে ১২ নম্বর ভবনের নীচ তলার এ শোরুমে ডাকাতরা নিরাপত্তারক্ষীদের বেঁধে ও অস্ত্রের মুখে জিম্মি করে কয়েক লাখ টাকার মালামাল নিয়ে গেছে। ঘটনার পর উত্তরা থানা পুলিশ চারজন নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
উত্তরা থানার কর্তব্যরত কর্মকর্তা উপ--পরিদর্শক আব্দুস সালাম জানান, ভোর সাড়ে ৪টার দিকে ডাকাতির এ ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে পুলিশ চারজন নিরাপত্তারক্ষীকে আটক করেছে। আটককৃতরা হলেন - এমদাদ হোসেন লস্কর ওরফে জাকির, মো. ফোরকান, আরিফুর রহমান ও মনিরুজ্জামান ওরফে মনির সিকদার। উপ--পরিদর্শক জানিয়েছন, দুপুর ২টা পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা হয়নি।
শোরুমের সহকারী ব্যাবস্থাপক এইচ এম সুমন জানান, তাদের প্রাথমিক হিসেবে ৫ লাখ ২২ হাজার টাকার মালামার ডাকাতরা নিয়ে গেছে। ডাকাতি হওয়া মালামালের মধ্যে রয়েছে- হ্যান্ডিক্যাম ৪ টি, সাইবার সট ডিজিটাল ক্যামেরা ৪টি, থ্রিডি সাউন্ড সিস্টেম ২টি, সনি টিভি ১২টি, র্যাংগস টিভি ৪টি, ডিভিডি ২টিা ও ১ টি ডেকসেট।
তিনি জানান, ৭/৮ জন ডাকাতের একটি দল ভোরে গাড়ি নিয়ে ভবনের সামনে এসে দাঁড়ায়। চারজন নিরাপত্তারক্ষীর মধ্যে তখন ছিল কর্তব্যরত ছিলেন দু'জন। তাদের একজনকে বেঁধে ও আরেকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা।
এরপর তারা শোরুমের তালা ও শাটার ভেঙে ভেতরে ঢুকে মালামাল বের করে।এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে দুপুরে জানিয়েছেন তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসি/১৫৫৪ ঘ.
bdnews24