২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওসমান গণি ৪ ও আলী কবির ৭ দিনের রিমান্ডে

দুর্নীতির অভিযোগে চাকরিচ্যুত প্রধান বন সংরক্ষক ড. ওসমান গণিকে পাসপোর্ট আইনের মামলায় আরও ৪ দিনের রিমান্ডে নিয়েছে উত্তরা থানা পুলিশ। এছাড়া সূত্রাপুর থানা পুলিশ ঢাকা অঞ্চলের সাবেক বন সংরক্ষক আলী কবির হায়দারকে আরও ৭ দিনের রিমান্ডে নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2007, 04:46 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির অভিযোগে চাকরিচ্যুত প্রধান বন সংরক্ষক ড. ওসমান গণিকে পাসপোর্ট আইনের মামলায় আরও ৪ দিনের রিমান্ডে নিয়েছে উত্তরা থানা পুলিশ। এছাড়া সূত্রাপুর থানা পুলিশ ঢাকা অঞ্চলের সাবেক বন সংরক্ষক আলী কবির হায়দারকে আরও ৭ দিনের রিমান্ডে নিয়েছে। রোববার বিকাল ৪টায় উত্তরা থানার উপ পরিদর্শক আবদুল বাতেন পাসপোর্ট আইনের মামলায় ওসমান গণিকে ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চান। শুনানি শেষে মহানগর হাকিম শফিকুল ইসলাম ৪ দিন রিমান্ড মঞ্জুর করেন। যৌথ বাহিনী গত ২৮ মে ওসমান গনির উত্তরার সরকারি বাসভবন থেকে ১ কোটিরও বেশি নগদ বেশি টাকা, ৬টি পাসপোর্টসহ বিপুল পরিমাণ সোনার গহণা উদ্ধার করে। ওই দিনই তাকে গ্রেপ্তার করা হয়। ২৯ মে উত্তরা থানায় তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে একটি মামলা করা হয়। এদিকে ঢাকা অঞ্চলের সাবেক বন সংরক্ষক ও বিসিএস বন সমিতির সভাপতি আলী কবির হায়দারকে আরও ৭ দিনের রিমান্ডে নিয়েছে সূত্রাপুর থানা পুলিশ। রোববার মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার উপপরিদর্শক নাসির উদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম মো. মামুন আল রশিদ এই রিমান্ড মঞ্জুর করেন। যৌথ বাহিনী গত ২৪ জুন আলী কবির হায়দারকে তার সূত্রাপুরের বাসা থেকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/২২২৪ ঘ.