ঢাকা, জুলাই ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকার কমলাপুর অভ্যন্তরীণ কন্টেইনার ডিপোর (আইসিডি) ওপর চাপ কমাতে সরকার গাজীপুরের ধীরাশ্রমে একটি আইসিডি টার্মিনাল নির্মাণের উদ্যোগ নিয়েছে। এছাড়া নারায়ণগঞ্জের পানগাঁওয়ে আরেকটি কন্টেইনার ডিপো নির্মাণের পরিকল্পনা সরকারের বিবেচনায় আছে।
যোগাযোগ উপদেষ্টা এমএ মতিন রোববার যোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয়ের এক সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, "২০০৮ সালের প্রথম দিকেই ধীরাশ্রমে ডিপো নির্মাণের কাজ শুরু হবে। এই ডিপোটি বাংলাদেশ রেলওয়ের নিয়ন্ত্রণে থাকবে। তবে এর ব্যবস্থাপনার দায়িত্ব অন্য ডিপোগুলোর মতো কোনো বেসরকারি সংস্থাকে দেওয়া হতে পারে।"
উপদেষ্টা জানান, বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় গাজীপুরের ধীরাশ্রম রেল স্টেশনের কাছে প্রায় ১৩৬ দশমিক ৫ একর জমির ওপর নতুন কন্টেইনার ডিপোটি নির্মাণ করা হবে। নির্মাণ সংক্রান্ত সম্ভাব্যতা যাচাইয়ের কাজ এরই মধ্যে শেষ হয়ে গেছে।
তবে নকশা প্রণয়ন, জমি অধিগ্রহণ ও আন্তর্জাতিক দরপত্র আহ্বানসহ আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করে নির্মাণ কাজ শুরু করতে কমপক্ষে সাত মাস সময় লাগবে। সব কিছু ঠিক থাকলে ২০১১ সালের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে।
ঢাকার কমলাপুর আইসিডির ওপর চাপ কমাতেই নতুন ডিপো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান এমএ মতিন।
ধীরাশ্রম আইসিডি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৬৭১ কোটি টাকা। এতে প্রতি বছর ৪০ ফুট দীর্ঘ তিন লাখ এবং ২০ দীর্ঘ দুই লাখ ৩৬ হাজার কন্টেইনার ওঠানামা করা সম্ভব হবে।
যোগাযোগ উপদেষ্টা জানান, চট্টগ্রাম থেকে জলপথে পণ্য আনা-নেওয়ার সুবিধার জন্য নারায়ণগঞ্জের পানগাঁওয়ে আরেকটি আইসিডি নির্মাণের পরিকল্পনা সরকারের বিবেচনায় আছে।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর চাপ কমাতে সরকার এটিকে চার লেন বিশিষ্ট মহাসড়কে রূপন্তরের সিদ্ধান্ত নিয়েছে। ত্র"টিপূর্ণ প্রক্রিয়ার কারণে এর আগে ওই সড়কের উন্নয়ন কাজ স্থগিত করা হয়েছিল। সরকার শিগগিরই নতুন করে দরপত্র ডেকে আবার কাজ শুরু করবে বলে জানান তিনি।
প্রতিবেশী দেশগুলোকে বাংলাদেশের বন্দর ব্যবহার করতে দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, "প্রতিবেশী দেশগুলোও যাতে আমাদের বন্দরগুলো ব্যবহার করতে পারে সেজন্য প্রস্তুতি নিচ্ছি আমরা। ভারত, নেপাল ও মিয়ানমার এতে সুবিধা পাবে। তবে তাদের আগ্রহের ওপরই বিষয়টি নির্ভর করবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/জেকে/১৫৫৭ ঘ.
bdnews24