২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩১ জুলাইয়ের পর আয় কর না দিলে মামলা

সামর্থ্যবান ব্যবসায়ীদের নিজ থেকে আয়কর দেওয়ার আহ্বান জানিয়ে রাজস্ব বোর্ড চেয়ারম্যান বদিউর রহমান বলেছেন, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে যারা এ সুযোগ গ্রহণ করবেন না, পরবর্তীতে তাদের বিরুদ্ধে শুধু জরিমানাই নয়, মামলাও করা হবে। চট্টগ্রাম কাস্টমস হাউজকে দুটি পৃথক কমিশনারেটে বিভক্ত করার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রোববার তিনি এ কথা বলেন। তিনি জানান, ঢাকার পর এবার চট্টগ্রামসহ দেশের অপর পাঁচটি সিটি কর্পোরেশন এবং রংপুর অঞ্চলে নতুন করদাতা চিহ্নিত করতে আগামী ৫ জুলাই থেকে জরিপ শুরু করছে জাতীয় রাজস্ব বোর্ড(এনবিআর)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2007, 08:36 AM

Updated : 26 Aug 2022, 08:13 PM

চট্টগ্রাম, জুলাই ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সামর্থ্যবান ব্যবসায়ীদের নিজ থেকে আয়কর দেওয়ার আহ্বান জানিয়ে রাজস্ব বোর্ড চেয়ারম্যান বদিউর রহমান বলেছেন, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে যারা এ সুযোগ গ্রহণ করবেন না, পরবর্তীতে তাদের বিরুদ্ধে শুধু জরিমানাই নয়, মামলাও করা হবে। চট্টগ্রাম কাস্টমস হাউজকে দুটি পৃথক কমিশনারেটে বিভক্ত করার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রোববার তিনি এ কথা বলেন। তিনি জানান, ঢাকার পর এবার চট্টগ্রামসহ দেশের অপর পাঁচটি সিটি কর্পোরেশন এবং রংপুর অঞ্চলে নতুন করদাতা চিহ্নিত করতে আগামী ৫ জুলাই থেকে জরিপ শুরু করছে জাতীয় রাজস্ব বোর্ড(এনবিআর)। রাজস্ব বোর্ড চেয়ারম্যান জানান, "নতুন ব্যবসায়ীদের আয়করের আওতায় আনার জন্য ২৮টি দল নতুন ছয়টি অঞ্চলে কাজ করবে। এছাড়া ঢাকা সিটি কর্পোরেশনে নতুন করদাতা চিহ্নিত করার কার্যক্রম জোরদারে জরিপ দলের সংখ্যা আটটি থেকে বাড়িয়ে ২০টি করা হবে।" ঢাকায় এ পর্যন্ত ১৮ হাজার নতুন করদাতা চিহ্নিত করা হয়েছে বলেও জানান তিনি। বদিউর রহমান বলেন, "সার্মথ্যবান ব্যবসায়ীদের নিজে থেকে আয়কর দেবেন, এটাই প্রত্যাশা। আগামী ৩১ জুলাইয়ের পর এক্ষেত্রে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আয়কর অধ্যাদেশ অনুযায়ী তখন শুধু সর্বোচ্চ ২৫০ শতাংশ পর্যন্ত জরিমানাই আদায় করা হবে না, দোষীদের বিরুদ্ধে মামলাও করা হবে।" ইতিমধ্যে কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানান তিনি। চট্টগ্রাম কাস্টমস হাউজকে দুটি পৃথক কমিশনারেটে বিভক্ত করার বিষয়ে রাজস্ব বোর্ড চেয়ারম্যান বলেন, সময়ের সাথে তাল মেলাতে এবং ব্যবসায়ীদের চাহিদা মেটাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। শুল্ক প্রশাসনে গতি আনতে চট্টগ্রাম কাস্টমস হাউজকে কাস্টমস হাউজ (আমদানি) এবং কাস্টমস হাউজ (রপ্তানি) দুই শাখায় ভাগ করা হয়েছে। নতুন কাঠামোতে চট্টগ্রাম কাস্টমস হাউজ আমদানি ও রপ্তানি শাখায় দুজন কমিশনার কাজ করবেন। তবে আপাতত কাস্টমস কমিশনার মো. ফরিদ উদ্দিন কাস্টমস হাউজের আমদানি কমিশনারের অতিরিক্ত হিসাবে কাস্টমস হাউজ রপ্তানির দায়িত্বও পালন করবেন। বদিউর রহমান বলেন, দেশের মোট রাজস্বের ৩০ শতাংশ আয় হয় চট্টগ্রাম কাস্টমস হাউজের মাধ্যমে। নতুন পদক্ষেপের ফলে আগামী অর্থবছরে কাস্টমস হাউজে শুল্ক আদায় আরও ১০ শতাংশ বেড়ে ৪০ শতাংশ হবে বলে আশা করছি। ব্যবসায়ীদের প্রতিপক্ষ না ভেবে এবং ঘুষ কিংবা কমিশনের পুরনো রীতি ত্যাগ করে পরস্পর শ্রদ্ধাবোধ অনুযায়ী রাজস্ব আদায়ে মনোযোগী হওয়ার জন্য শুল্ক কর্মকর্তাদের প্রতি পরামর্শ দেন রাজস্ব বোর্ড চেয়ারম্যান। একইসঙ্গে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনও অনিয়মে জড়িয়ে পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বদিউর রহমান জানান, কাস্টমস হাউজ আধুনিকায়নে শিগগির বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। কাস্টমস হাউজের কমিশনার মো. ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাস্টমস হাউজের সদস্য (শুল্ক ও ভ্যাট প্রশাসন) আ মু মসরুর আহমেদ, বিভাগীয় কমিশনার মুখলেস উর রহমান, চিটাগাং চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের সভাপতি সাইফুজ্জামান চৌধুরী, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মইনুর রহমান চৌধুরী, বিজিএমইএ প্রথম সহ- সভাপতি এম এ ছালাম ও সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আখতার উদ্দিন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/আরএ/এমআই/১৪২৯ ঘ.