ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ইব্রাহিম মোমোরিয়াল হাসপাতালে (বারডেম) চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ডায়েবেটিক সমিতির ন্যাশনাল কাউন্সিল। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের ফলে আন্দোলনরত চিকিৎসকরা রোববার থেকে লাগাতার ধর্মঘটের যে কর্মসূচি দিয়েছিলেন তা প্রত্যাহার করা হতে পারে বলে জানা গেছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ন্যাশনাল কাউন্সিলের বৈঠকে মোট তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে রাত ১০টায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সিদ্ধান্তগুলো জানিয়ে দেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ১৯৪জন মেডিকেল অফিসারের চাকরির মেয়াদ ৩ বছর পরপর বাড়ানো হবে। তবে তাদের চাকরি স্থায়ী করতে হলে একটি নতুন বিধি তৈরি করতে হবে। সে কাজও চলছে।
অভিন্ন চাকরি বিধির যে দাবি চিকিৎসকরা করেছেন তার প্রক্রিয়াও প্রায় শেষ। সংশ্লিষ্ট কমিটির অনুমোদন নিয়ে তা চূড়ান্ত করা হবে।
এছাড়া চিকিৎসকদের উচ্চশিক্ষা ও চিকিৎসার সার্বিক পরিস্থিতির উন্নতির জন্য যে নীতিমালা রয়েছে তার আধুনিকায়ন করা হবে।
বাংলাদেশ ডায়েবেটিক সমিতির সভাপতি অধ্যাপক একে আজাদ খানসহ অন্যান্যরা এই সভায় উপস্থিত ছিলেন।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কয়েকজন চিকিৎসক জানিয়েছেন, দাবি পূরণ হলে তাদের পূর্ব ঘোষিত লাগাতার ধর্মঘট কর্মসূচি রোববার প্রত্যাহার করা হবে। তবে সেক্ষেত্রে চাকরি স্থায়ী করার জন্য কর্তৃপক্ষের কাছে সুনির্দিষ্ট সময়সীমা চাইবেন তারা। রোববার সকালে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন আন্দোলনরত চিকিৎসকরা।
প্রসঙ্গত, পূর্ণাঙ্গ চাকরিবিধি অনুযায়ী চাকরি স্থায়ী করাসহ দাবিতে বারডেম হাসপাতালের অভ্যন্তরীণ বিভাগের মেডিকেল অফিসার, সহকারী রেজিস্ট্রার, রেজিস্ট্রারসহ প্রায় তিনশ চিকিৎসক গত সোমবার থেকে টানা চারদিন কর্মবিরতি পালন করেন। বৃহস্পতিবার কর্তৃপক্ষের প্রতিশ্র"তির পরিপ্রেক্ষিতে তারা কর্মবিরতি দুইদিনের জন্য স্থগিত করেন। কর্তৃপক্ষ দাবি না মানলে রোববার থেকে লাগাতার কর্মবিরতি শুরুর ঘোষণা দেন তারা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/০০৫৬ ঘ.
bdnews24