চাঁপাইনবাবগঞ্জ, জুন ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- এ ভূখণ্ডে সাঁওতালরাই সর্বপ্রথম ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল। পরবর্তী আন্দোলন ও মুক্তিযুদ্ধেও এ আদিবাসীদের ছিল সক্রিয় ভূমিকা। কিন্তু তাদের সে অবদানের কথা তুলে ধরা হয়নি ইতিহাসে। যে অধিকার প্রতিষ্ঠা এবং শোষণ-বঞ্চনা থেকে মুক্তি পেতে সাঁওতালরা বিদ্রোহ করেছিল। শত বছর পরও সে অবস্থার কোনও পরিবর্তন হয়নি।
১৫২ তম সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন উপলক্ষে শনিবার চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার চারটি ইউনিয়ন পারগানা পরিষদের যৌথ উদ্যোগে বেনিপুরে আদিবাসী স্কুল মাঠে আয়োজিত সভায় বক্তারা এ কথা বলেন।
নেজামপুর পারগানা পরিষদের সভাপতি সন্তোষ পাউরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী সভায় বক্তব্য রাখেন আদিবাসী নেতা সুবরি টুডু, গ্যাব্রিয়েল হাসদা, নগেন পাউরিয়া, বাবুলাল মারান্ডি, নরেশ হাসদা, নবীন মারান্ডি, কসিয়েস টুডু ও অনিতা উঁরি।
নাচোল উপজেলার কসবা, নেজামপুর ফতেপুর ও নাচোল ইউনিয়ন ছাড়াও সদর উপজেলা, গোমস্তাপুর উপজেলা ও পাশ্ববর্তী নওগাঁর নিয়ামতপুর উপজেলার কয়েকশ আদিবাসী নারী-পুরুষ ওই সভায় অংশ নেয়।
সকালে বেনিপুরে আদিবাসীরা বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের করে। এরপর সাওতাঁল বিদ্রোহের নেতা সিঁধু-কানুর স্মরণে নির্মাণাধীন স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে আদিবাসীরা।
আলোচনা সভা শেষে বিকেলে সাঁওতালদের ঐতিহ্যবাহী সংগীত ও নৃত্য পরিবেশিত হয়। নাচোল ছাড়াও গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের চাঁদপুর স্কুল মাঠে আদিবাসীদের সমাবেশ হয়েছে।
আমাদের রাজশাহী প্রতিনিধি জানান, সাঁওতাল বিদ্রোহের ১৫২তম বার্ষিকী উদযাপন উপলক্ষে শনিবার সকালে হিউম্যান ফাউন্ডেশনের সহযোগিতায় রাজশাহী প্রেসক্লাবে সেন্টার ফর ক্যাপাসিটি বিল্ডিং ও রাজশাহী প্রেসক্লাবের যৌথ আয়োজনে এক মতবিনিময় সভা হয়।
সভায় বক্তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবি জানান।
হেমন্ত কিস্কুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সেন্টার ফর ক্যাপাসিটি বিল্ডিং এর প্রধান সারওয়ার-ই-কামাল স্বপন, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, আদিবাসী নেতা উত্তম কুমার খালকো, আদিবাসী ছাত্র সংগঠক সুমন মার্ডি, সুবাস মার্ডি প্রমুখ।
এদিকে জাতীয় আদিবাসী সংস্থার তিনদিন ব্যাপী ১৫২ তম সান্তাল বিদ্রোহ দিবস উপলক্ষ্যে গোদাগাড়ী কাকন হাট পৌর সভা সুন্দরপুরে ও পদ্মা মঞ্চে আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চস্থ হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১৩৮ ঘ.
bdnews24