দিনাজপুর, জুন ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- স্কাউট আন্দোলনের শতবর্ষ পূর্তিতে বাংলাদেশ স্কাউটের উদ্যোগে আয়োজিত 'জাম্বুরী অন দ্য ট্রেন' শনিবার দিনাজপুর পৌঁছেছে।
সন্ধ্যা ৭টায় বিশেষ এ ট্রেনটি দিনাজপুর রেল স্টেশনে পৌঁছালে সেখানে উপস্থিত শহরের ৩০টি স্কুলের স্কাউটস সদস্যরা তুমুল করতালির মধ্য দিয়ে আগতদের স্বাগত জানায়। এ সময় প্রশাসনের পক্ষ অভ্যর্থনা জানান অতিরিক্ত জেলা প্রশাসক দিলীপ কুমার বর্ণিক।
কর্মসূচি অনুযায়ী রোববার দিনাজপুরে সর্বশেষ অন রুট ক্যাম্প অনুষ্ঠিত হবে। এর আগে শনিবার সন্ধ্যার পর দিনাজপুর জিলা স্কুল প্রাঙ্গণে হয় মহা তাঁবু জলসা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার সফিউল আলম। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক সাইফুল হাসান এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার মো. আব্দুস সামাদ।
রুট ক্যাম্পের পর রোববার জিলা স্কুল প্রাঙ্গণে সকাল ১০টায় হবে জাম্বুরীর সমাপনী অনুষ্ঠান।
এতে বাংলাদেশ স্কাউটস এর সভাপতি ড. শাহ মো. ফরিদ প্রধান স্কাউটস ব্যক্তিত্ব হিসাবে উপস্থিত থাকবেন বলে কথা রয়েছে।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) মিহির কান্তি মজুমদার।
'জাম্বুরী অন দ্য ট্রেন' কর্মসূচির অংশ হিসাবে ২৮ জুন সকাল ৮টায় চট্টগ্রাম লেওয়ে স্টেশন থেকে বিশেষ এ ট্রেনটি দেশি ও বিদেশি স্কাউট, গার্ল ইন স্কাউট, স্কাউটার ও অন্যান্য কর্মকর্তা নিয়ে যাত্রা শুরু করে। পথে লাকসাম, আখাাউড়া, ঢাকা, জয়পুরহাট, দিনাজপুর এ পাঁচটি স্থানে ক্যাম্পিংয়ে অংশ নেয়।
সমাপণী অনুষ্ঠান শেষে রোববার সকাল ১১টায় ফিরতি রুটে ট্রেনটি চট্টগ্রামে ফিরে যাবে।
বিশ্বব্যাপী স্কাউট আন্দোলন শুরু হয় ১৯০৭ সালে। এ বছর শতবর্ষ পূর্তি উদযাপন করতে বিশ্ব স্কাউট সংস্থা নানা কর্মসূচি পালন করছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০৫৮ ঘ.
bdnews24