ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ত্রাণের টিন আত্মসাৎ মামলায় পাঁচ দিন রিমান্ড শেষে সাবেক সাংসদ মোসাদ্দেক আলী ফালুকে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট আদালতে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দেলোয়ারা বেগম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আবদুস সালাম রিমান্ড ফেরত প্রতিবেদনে বলেন, ত্রাণের টিন বিতরণ না করে অভিযুক্ত নিজের কারখানায় ব্যবহার করেছেন; তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখা প্রয়োজন।
যৌথবাহিনীর সদস্যরা ফেব্র"য়ারি মাসে ফালুর সাভারের কোনাপাড়ায় ঢাকা--সাংহাই সিরামিক কারখানায় ৬৫০টি ত্রাণের ঢেউটিন জব্দ করে।
ওই ঘটনায় আশুলিয়া থানার উপ--পরিদর্শক ইসমাইল হোসেন ১০ ফেব্র"য়ারি ফালুর বিরুদ্ধে মামলা দায়ের করেন। ১২ ফেব্র"য়ারি তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে গত ৪ ফেব্র"য়ারি মোসাদ্দেক আলীকে ঢাকার ডিওএইচএস এর বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
এদিকে তেজগাঁও থানায় দায়ের করা ত্রাণের টিন, কম্বল এবং চাল উদ্ধারের অপর এক মামলায় ফালুকে তিন দফায় ১১ দিন রিমান্ডে নেওয়া হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এমওয়াই/এমএআর/এমআই/১৮০৬ ঘ.
bdnews24