বরিশাল, জুন ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রোববার সকাল ১০টার মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশনামা ঝুলছে বরগুনা-২ (বামনা-পাথরঘাটা) আসনের সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম মনির পাথরঘাটার বাড়ির ফটকে।
সরকারি গাছ আত্মসাতের একটি মামলায় পাথরঘাটা উপজেলা ম্যাজিস্ট্রেট (ইউএনও) সেলিম খান গত বৃহস্পতিবার নুরুল ইসলাম মনির বাড়িতে ওই নির্দেশনামা ঝুলানোর আদেশ দেন। সেদিন বিকালেই কোর্ট পরিদর্শক মাসুদ রানা মনিসহ অপর সব আসামীর বাড়িতে ওই নির্দেশনামা ঝুলিয়ে দেন।
এ মামলার মনির ভাই পাথরঘাটা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জামাল, ভগ্নিপতি নাচনাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান রবসহ মোট ১৪ জনকে আসামী করা হয়েছে।
তবে সাবেক এ সাংসদ জরুরি অবস্থা জারির পর থেকেই পালিয়ে আছেন।
পাথরঘাটা উপজেলা ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক (জিআরও) মাসুদ রানা জানান, পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কের দুই পাশের সরকারি গাছ আত্মসাতের অভিযোগে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহজাহান আলী চলতি বছরের ৩ জানুয়ারি বাদী হয়ে মামলাটি করেন।
গত ২৫ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পাথরঘাটা থানার উপ-পরিদর্শক কামরুজ্জামান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৫৬ ঘ.
bdnews24