ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ইব্রাহিম মেমোরিয়াল হাসপাতালের (বারডেম) অভ্যন্তরীন বিভাগের চিকিৎসকদের টানা চারদিনের কর্মবিরতির পর শুক্রবার বারডেমে খুব কম রোগী ভর্তি হয়েছেন।
বিকেল ৩টা পর্যন্ত মাত্র পাঁচজন রোগী ভর্তি হয়েছেন বলে হাসপাতালের অনুসন্ধান বিভাগ থেকে জানানো হয়েছে। তারা আরও জানান বারডেমে এখন দুশ'রও বেশি শয্যা খালি রয়েছে। উল্লেখ্য, বুহস্পতিবার হাসপাতালে ১৮৮টি শয্যা খালি ছিল বলে মেডিসিন বিভাগের আবাসিক চিকিৎসকের কার্যালয় থেকে জানানো হয়।
চাকরি স্থায়ীকরণের দাবিতে গত সোমবার থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কর্মবিরতি পালন করেন হাসপাতালের অভ্যন্তরীন বিভাগের তিনশ' চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত চিকিৎসক। কর্তৃপক্ষের প্রতিশ্র"তির ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে দু'দিনের জন্য কর্মবিরতি স্থগিত করেন চিকিৎসকরা। শনিবার সন্ধ্যায় বাংলাদেশ ডায়েবেটিক সমিতির জাতীয় কাউন্সিলের সভায় চিকিৎসকদের দাবি-দাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
তবে আন্দোলনরত চিকিৎসকরা জানিয়েছেন, পূর্ণাঙ্গ সার্ভিস রুলের আওতায় তাদের চাকরি স্থায়ী করা না হলে তারা রোববার থেকে আবার লাগাতার কর্মবিরতির ঘোষণা দেবেন।
১৯৯৬ সাল থেকে প্রতি তিনবছর পরপর চিকিৎসকদের চাকরির চুক্তি বাড়ানো হলেও ২৪ জুন এক বিজ্ঞপ্তিতে তাদের চাকরির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত জানায় কর্তৃপক্ষ। ২৫ জুন থেকে চাকরি স্থায়ীকরণের দাবিতে চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেন।
এদিকে, শুক্রবার বারডেমে গিয়ে দেখা যায় বিভিন্ন বিভাগে চিকিৎসকরা আগেরমতো পূর্ণমাত্রায় কাজ করছেন। কিন্তু ওয়ার্ডগুলোতে খালি শয্যা রয়েছে অনেক।
নাম প্রকাশ না করার শর্তে বারডেমের অনুসন্ধান বিভাগে কর্তব্যরত কর্মীরা জানান, শুক্রবার হাসপাতালের বহির্বিভাগ বন্ধ থাকায় এমনিতেই রোগীর চাপ কম থাকে। তবে শুক্রবার স্বাভাবিক অবস্থায় ২০ থেকে ২৫ জন রোগী ভর্তির জন্য আসেন। সেই তুলনায় শুক্রবার খুব কম রোগী এসেছে। অনুসন্ধান বিভাগের কর্মীরা আরো জানিয়েছেন, সপ্তাহের অন্য ছয়দিনে প্রতিদিন গড়ে ৫৫ থেকে ৬৫ জন রোগী হাসপাতালে ভর্তির জন্য আসেন।
এ বিষয়ে বারডেমের আন্দোলনরত চিকিৎসকদের একজন ডা. নাজিমুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুর থেকে চিকিৎসকরা আগের মতো পূর্ণ গতিতে কাজ করে যাচ্ছেন। তবে চিকিৎসকদের টানা কয়েকদিনের কর্মসূচির পর রোগীরা কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েছেন। এ কারণে বারডেমে বৃহস্পতি ও শুক্রবার ভর্তি রোগীর সংখ্যা ছিল কম। তিনি জানান, শনিবার পর্যন্ত তারা কাজ করবেন। শনিবার ডায়েবেটিক সমিতির জাতীয় কাউন্সিলে অনুষ্ঠেয় বৈঠকে তাদের দাবি না মানা হলে তারা লাগাতার কর্মবিরতি পালন করবেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএম/এসি/১৭০৫ ঘ.
bdnews24