ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান আহম্মেদ আকবর সোবহান ওরফে শাহ আলমের ঘনিষ্ঠ সহযোগী বলে পরিচিত নাজিমউদ্দিন চেয়ারম্যানকে বৃহস্পতিবার ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
তার স্বীকারোক্তির ভিত্তিতে কেরানীগঞ্জের হাছনাবাদ থেকে দুটি আগ্নেয়াস্ত্র এবং ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। নাজিমউদ্দিন দক্ষিন কেরানীগঞ্জ থানার ৯ নং শুভ্যঢা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।
র্যাব-১১ এর অপারেশন কর্মকর্তা ক্যাপ্টেন মাহবুবুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে র্যাব--১১ এর মুন্সিগঞ্জ ক্যাম্পের সদস্যরা কাকরাইল মোড়ে কর্নফুলী সিটি গার্ডেন মার্কেটের সামনে থেকে নাজিমউদ্দিনকে গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী রাতে দক্ষিন কেরানীগঞ্জের হাছনাবাদে তার দ্বিতীয় স্ত্রী তছলিমা বেগমের বাসার শয়নকক্ষ থেকে দুই রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পয়েন্ট্র থ্রি টু রিভলবার এবং ১২০টি ভুয়া দলিল উদ্ধার করা হয়।
পরে হাছনাবাদে তার তৃতীয় স্ত্রী মিনার বাসার শয়নকক্ষ থেকে একটি ১২ বোরের বিদেশি শর্টগান এবং বন্দুকের ২০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। শর্টগানটি লাইসেন্স করা বলে দাবি করলেও নাজিমউদ্দিন কোন কাগজপত্র দেখাতে পারেননি।
র্যাব কর্মকর্তা জানান, উদ্ধার করা ১২০টি ভুয়া দলিলের মাধ্যমে বসুন্ধরা রিভারভিউ প্রকল্পের জন্য জোর করে বিভিন্ন লোকের জমি দখল করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
নাজিমউদ্দিনকে র্যাবের মুন্সিগঞ্জ ক্যাম্পে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুক্রবার তাকে কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলে জানান র্যাব কর্মকর্তা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএইচবি/০১৩৯ ঘ.
bdnews24