২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাল কাজের জন্য দুদকের ১০ জন পুরস্কার পেলেন

ভাল কাজের স্বীকৃতি হিসেবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তিন পরিচালকসহ ১০ কর্মকর্তা ও কর্মচারী পুরস্কার পেলেন। তাদের ৩০ হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2007, 02:39 PM

Updated : 26 Aug 2022, 08:12 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভাল কাজের স্বীকৃতি হিসেবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তিন পরিচালকসহ ১০ কর্মকর্তা ও কর্মচারী পুরস্কার পেলেন। তাদের ৩০ হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হয়েছে। দুদক চেয়ার হাসান মশহুদ চৌধুরী বৃহস্পতিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার পাওয়া ১০ জনের মধ্যে কাফরুল থানায় দায়ের করা যে মামলায় আমানউল্লাহ আমান ও সাবেরা আমানের কারাদণ্ড হয়েছে তার তিন পরিচালকসহ আটজন রয়েছেন। মামলার অনুসন্ধান ও অভিযোগ দায়েরের জন্য উপ-পরিচালক আবদুল্লাহ আল জাহিদ এবং তদন্ত, অভিযোগপত্র দাখিল এবং আদালতে অভিযোগ প্রমাণে অবদান রাখায় তদন্তকারী কর্মকর্তা জীবন কৃষ্ণ রায় পেয়েছেন ৩০ হাজার টাকা করে। তিন পরিচালক ফকির ফিরোজ আহমেদ, নাসরীন আরা সুরাত আমিন এবং জাকির হোসেন পেয়েছেন ১০ হাজার টাকা করে। মামলা দায়ের ও পরিচালনায় সহায়তার জন্য সহকারী পরিদর্শক (মাঠ কর্মকর্তা) জাকির হোসেন, উচ্চমান সহকারী আব্দুল খালেক এবং অফিস সহকারী রফিকুল ইসলাম পেয়েছেন পাঁচ হাজার টাকা করে। এ ছাড়া বিশেষ আদালতে গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে দায়ের করা একটি মামলার বাদি, সহকারী পরিচালক এসএমএম আখতার হামিদ ভূঞা ৩০ হাজার এবং মামলা পরিচালনায় সহায়তার জন্য সহকারী পরিদর্শক মাহবুবুর রহমানকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছে। এই মামলায় মামুনের তিন বছরের কারাদণ্ড হয়েছে। পুরস্কার বিতরণ শেষে হাসান মশহুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, পুরস্কারের মূল উদ্দেশ্যই হলো ভাল কাজের স্বীকৃতি দেয়া। এতে অন্যরাও ভালো কাজের জন্য উৎসাহিত হবে। ফলে কমিশনের কাজে আরো স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে। পুরস্কারপ্রাপ্তরা ভবিষ্যতে আরো নিখুঁতভাবে কাজ করবেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এমএইচবি/২০২৮ ঘ.