রাজশাহী, জুন ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েটে) একের পর এক বোমা রেখে আতঙ্ক সৃষ্টিকারীকে গ্রেপ্তারের দাবি করেছে র্যাব।
এ ঘটনার মূল হোতা আবুল হোসেন ওরফে টুটুলকে সোমবার রাতে রুয়েট গেট সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে মঙ্গলবার সন্ধ্যায় র্যাবের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গত মে মাসের প্রথম হতে জুনের মাঝামাঝি পর্যন্ত রুয়েটে ছয় দফায় সাতটি বোমা উদ্ধার করে পুলিশ। বোমার সঙ্গে কয়েকবার জাদিদ আল কায়দার লিফলেটও পাওয়া যায়।
র্যাব জানায়, বোমা পাওয়ার ঘটনায় রুয়েটসহ আশপাশের এলাকায় গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়। এরই এক পর্যায়ে সোমবার রাতে টুটুলকে রুয়েট গেটের পাশে তার দোকান 'মেসার্স করিম হার্ডওয়্যার' থেকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে টুটুল রুয়েটে বোমা পেতে রাখার কথা স্বীকার করেছে বলে র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়।
টুটুলের সঙ্গে 'জাদিদ আল কায়দা কিংবা জেএমবি'র সংশ্লিষ্টতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে র্যাব।
টুটুলের বাড়ি মতিহারের কাজলা এলাকায়। তার বাবার নাম আবদুল করিম।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২৩৫৩ ঘ.
bdnews24