ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন হিসেবে খালেদা জিয়ার ক্ষমতা কমানোর প্রস্তাব করেছেন দলের মহাসচিব মান্নান ভূঁইয়া।
সোমবার নিজের গুলশানের বাসায় কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে বৈঠকের পর বিকেল সাড়ে চারটায় এক সংবাদ সম্মেলনে চার পৃষ্ঠার এই লিখিত খসড়া সাংবাদিকদের পড়ে শোনান তিনি। এতে বিএনপিতে ১৫ দফা সংস্কারের কথা বলা হয়েছে।
খসড়ায় কাউন্সিল সদস্যদের সরাসরি ভোটে তিন বছরের জন্য দলের চেয়ারপারসন নির্বাচনের প্রস্তাব রাখা হয়েছে। একই ব্যক্তি দুই মেয়াদের বেশি চেয়ারপারসন পদে থাকতে পারবেন না। যিনি প্রধানমন্ত্রী হবেন তাকে চেয়ারপারসনের পদ ছাড়তে হবে। যারা ইতোমধ্যে দুই মেয়াদ বা ছয় বছরের বেশি সময় চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন তাদের ক্ষেত্রেও এ নিয়ম প্রযোজ্য হবে।
এদিকে এই সংস্কার প্রস্তাব ঘোষণার দেড় ঘণ্টার মধ্যে খালেদা জিয়া এক বিবৃতিতে প্রস্তাবটিকে স্বাগত জানিয়েছেন। তবে তিনি বলেছেন, সংস্কারের লক্ষ্যে গঠণতন্ত্র সংশোধন করার প্রস্তাব দলের কাউন্সিলে উপস্থাপন করতে হবে। এ ব্যাপারে কাউন্সিলের সদস্যরাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। বিস্তারিত জানাচ্ছেন সুমন মাহমুদ। (আরো তথ্যসহ-৪)
ঘোষিত খসড়ায় দলীয় চেয়ারপারসনের ক্ষমতা কমানোর জন্য বেশ কিছু প্রস্তাব রাখা হয়েছে।
বিএনপির বর্তমান গঠণতন্ত্রে চেয়ারপারসন দলের থানা নির্বাহী কমিটি থেকে শুরু করে জাতীয় স্থায়ী কমিটি পর্যন্ত ৮টি স্তরের ১০ শতাংশ সদস্যকে সরাসরি মনোনিত করতে পারেন। খসড়ায় এই ক্ষমতা বিলুপ্ত করতে বলা হয়েছে।
জাতীয় গুরুত্বপূর্ণ কোনো পরিস্থিতির সৃষ্টি হলে চেয়ারপারসন প্রয়োজনবোধে জাতীয় কাউন্সিলের সদস্যদের নিয়ে বিভিন্ন বিষয়ভিত্তিক কমিটি করতে পারেন। এখন থেকে এ ধরনের কমিটি গঠনের আগে চেয়ারপারসনকে দলের স্থায়ী কমিটির অনুমোদন নেওয়ার প্রস্তাব করা হয়েছে।
বর্তমান গঠণতন্ত্র অনুযায়ী ১৫ সদস্যের জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের চেয়ারপারসন সরাসরি মনোনয়ন দিয়ে থাকেন। খসড়ায় এ নিয়ম পরিবর্তন করে জাতীয় কাউন্সিলের মাধ্যমে স্থায়ী কমিটির সদস্য নির্বাচন করার কথা বলা হয়েছে। জাতীয় নির্বাহী কমিটির সদস্যরাই জাতীয় স্থায়ী কমিটিতে সদস্য হতে পারবেন। দলের সব স্তরের কমিটিগুলো সংশ্লিষ্ট কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হতে হবে।
প্রস্তাবে গঠনতন্ত্রের ৬ এর ১৪ ধারা পরিবর্তন করে সংসদীয় দলের নেতা, উপনেতা, চিফ হুইপ ও হুইপকে সংসদীয় বোর্ডের সদস্যদের মাধ্যমে নির্বাচন করার কথা বলা হয়েছে। চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদ্যদেরও স্থায়ী কমিটির অনুমোদন নিয়ে নিয়োগ দিতে হবে।
গঠণতন্ত্রের ৮ এর ধারায় দলের চেয়ারপারসনের যেসব ক্ষমতা দেওয়া হয়েছে সেসব ক্ষমতা চেয়ারপারসন জাতীয় স্থায়ী কমিটির অনুমোদন ছাড়া প্রয়োগ করতে পারবেন না।
দলের চেয়ারপারসন প্রধানমন্ত্রী বা মন্ত্রী হিসেবে শপথ নিলে তাকে দলীয় পদ ছেড়ে দিতে হবে। যিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন তিনি দলের চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সঙ্গে পরামর্শ করে সরকার ও সংসদ পরিচালনা করবেন। কেউ দুই মেয়াদে প্রধানমন্ত্রী থাকলে পরবর্তীতে তিনি আর প্রধানমন্ত্রী কিংবা দলের চেয়ারপাসন কোনোটাই হতে পারবে না।
খসড়া প্রস্তাবে আরো বলা হয়েছে, পরিবারতন্ত্রের অবসানের জন্য নির্বাচনে দলীয় নেতাদের পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের দলের কোনো স্তরের কমিটিতেই রাখা যাবে না।
যে কোনো পর্যায়ের নির্বাচনে মনোনয়ন দেওয়ার সময় প্রার্থীদের সম্পদের হিসাব দলের কাছে দাখিল করতে হবে। দল একটি কমিটির মাধ্যমে ওই হিসাবের সত্যতা যাচাই করবে। মনোনয়নের ক্ষেত্রে নির্বাচনী এলাকার নেতা-কর্মীদের প্রত্যাশার প্রতিফলন থাকতে হবে। দলের সংসদীয় বোর্ডই প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করবে।
এছাড়া নির্বাচন কমিশন যেসব সংস্কার প্রস্তাব গ্রহণ করবে বিএনপির গঠণতন্ত্রের সঙ্গেও সেগুলোর সমন্বয় করা হবে।
দলের মন্ত্রী, সাংসদ, স্থায়ী কমিটি ও জাতীয় নির্বাহী কমিটি ও থানা কমিটির সদস্যদের প্রতি বছরের সম্পদের হিসাব জাতীয় নির্বাহী কমিটির কাছে জমা দিতে হবে।
দলের সম্পদের হিসাব প্রতি বছর নিরীক্ষা করে বছর শেষ হওয়ার পর ছয় মাসের মধ্যে প্রতিবেদন প্রকাশ করা হবে।
রশিদের মাধ্যমে দলের সদস্যদের 'চাঁদা' ও 'দান' সংগ্রহ করেই দলের তহবিল তৈরি হবে। তহবিল সংগ্রহের জন্য একটি নীতিমালাও তৈরি করা হবে। একইসঙ্গে প্রতিবছর বাজেট ঘোষণারও প্রস্তাব রাখা হয়েছে খসড়ায়।
খসড়া প্রস্তাব ঘোষণার পর সংবাদ সম্মেলনে মান্নান ভূঁইয়া দাবি করেন, এই প্রস্তাব দলীয় নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করে তৈরি করা হয়েছে। ঘরোয়া রাজনীতি শুরু হলে কাউন্সিল অথবা দলীয় ফোরামের মাধ্যমে খসড়া প্রস্তাব চূড়ান্ত করা হবে।
তিনি বলেন, এটি বিএনপির খসড়া প্রস্তাব। তবে এর চেয়ে ভাল কোনও প্রস্তাব যদি কারও কাছে থাকে সেটাও বিবেচনা করা হবে।
বিএনপি মহাসচিব সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, খসড়া প্রস্তাবের কপি খালেদা জিয়ার কাছেও পাঠানো হবে।
এর আগে বিকাল সাড়ে তিনটা থেকে মান্নান ভূঁইয়া তার বাসায় দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে এক ঘণ্টা আলোচনা করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান, দলের সহ সভাপতি চৌধুরী কামাল ইবনে ইউসুফ, অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহম্মেদ, মো. মোশারেফ হোসেন শাহজাহান, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মাহমুদুল হাসান, এএইচএম মোফাজ্জল করিম, ইনাম আহম্মেদ চৌধুরী, সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক, অবসরপ্রাপ্ত মেজর জেনালে জেড এ খান, দলের যুগ্ম মহাসচিব আশরাফ হোসেন, সেলিমা রহমান ও সাবেক সাংসদ আব্দুল আলিম এই বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মান্নান ভূঁইয়া বলেন, বিএনপির সব স্তরের নেতা-কর্মীরাই দলের ভেতরে সংস্কার চান। সে অনুযায়ী আমরা এ প্রস্তাব তৈরি করেছি।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "দলের চেয়ারপারসনের ক্ষমতা খর্ব করা না হলে বিএনপি গণতান্ত্রিক দল হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে না। গতানুগতিক ধারাকে পরিবর্তন করে সময়ের প্রেক্ষাপটেই বিএনপির প্রতিষ্ঠা হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গতি রেখে দলকে সামনের দিকে এগিয়ে নিতে সংস্কার করতে হবে। এটা এখন সময়ের দাবি।"
দলের চেয়ারপারসনও সংস্কারের জন্য একটি কমিটি করছেন। সেক্ষেত্রে এই প্রস্তাব কার জানতে চাইলে বিএনপি মহাসচিব দাবি করেন, এটি বিএনপির প্রস্তাব। চেয়ারপারসন যদি কোনো প্রস্তাব করে থাকেন সেটাও আলোচনা হবে। সেটা যদি ভাল কিছু হয় অবশ্যই তা কাউন্সিলে চূড়ান্ত হবে।
২২ জানুয়ারির নির্বাচন করতে না পারার কারণে দলে যে বিপর্যয় নেমে এসেছে তার কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, "কার অপরাধের কারণে দলীয় নেতা-কর্মীরা সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না? দলে যাদের কারণে ক্ষমতার অপব্যাবহার, আত্মীয়তোষণ, অপরাধ, ভুল, দুর্নীতি, চাটুকারিতা, স্বজনপ্রীতির বিস্তার ঘটেছে তাদের চিহ্নিত করতে হবে। অপরাধীদের চিহ্নিত করে দলীয়ভাবে শাস্তিমূলক ব্যাবস্থা নেওয়া হবে না।"
বিএনপি মহাসচিব খসড়া প্রস্তাব পড়ে শোনানোর আগে গত ১১ জানুয়ারি বাংলাদেশের রাজনীতিতে যে গুণগত পরিবর্তন হয়েছে তার অবস্থার ব্যাখ্যা করেন। তিনি বলেন, "রাজনৈতিক দলগুলোর অদূরদর্শীতা, ব্যর্থতা ও হঠকারিতার কারণে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এ অবস্থায় দেশেপ্রেমিক সেনাবাহিনীর সহযোগিতায় বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দেশকে ওই মহাসঙ্কট থেকে রক্ষা করেছে। ১১ জানুয়ারির আগের অবস্থায় ফিরে যাওয়ার সুযোগ আর বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নেই। দলের ভেতরে সংস্কার এখন সময়ের দাবি।"
প্রসঙ্গত বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ১৯৮১ সালে নিহত হওয়ার পর বিচারপতি আব্দুস সাত্তার দলের চেয়ারম্যানের দায়িত্ব নেন। পরবর্তীতে ১৯৮৩ সালে জিয়ার স্ত্রী খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন হন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/জিএমএ/আরএ/জেকে/জিএনএ/২১১৪ ঘ.
bdnews24