২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩০ জুনের মধ্যে কোম্পানি হচ্ছে না বিমান

৩০ জুনের মধ্যে বিমানকে পাবলিক লিমিটেড কোম্পানিতে (পিএলসি) রূপান্তর করা যাচ্ছে না বলে জানিয়েছেন উপদেষ্টা এম এ মতিন। তিনি বলেছেন, সংশ্লিষ্ট আইনের সংশোধনী আনতে আরও সময় লাগার কারণে পিছিয়ে পড়ছে বিমানের রূপান্তর প্রক্রিয়া। সোমবার বিমান মন্ত্রণালয়ের সভাকক্ষে বিমানের বোর্ড বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন উপদেষ্টা এম এ মতিন সাংবাদিকদের বলেন, "পূর্ব নির্ধারিত ৩০ জুনের মধ্যে বিমানকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করা যাচ্ছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2007, 09:14 AM

Updated : 26 Aug 2022, 08:11 PM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ৩০ জুনের মধ্যে বিমানকে পাবলিক লিমিটেড কোম্পানিতে (পিএলসি) রূপান্তর করা যাচ্ছে না বলে জানিয়েছেন উপদেষ্টা এম এ মতিন। তিনি বলেছেন, সংশ্লিষ্ট আইনের সংশোধনী আনতে আরও সময় লাগার কারণে পিছিয়ে পড়ছে বিমানের রূপান্তর প্রক্রিয়া। সোমবার বিমান মন্ত্রণালয়ের সভাকক্ষে বিমানের বোর্ড বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন উপদেষ্টা এম এ মতিন সাংবাদিকদের বলেন, "পূর্ব নির্ধারিত ৩০ জুনের মধ্যে বিমানকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করা যাচ্ছে না। কারণ, পিএলসিতে রূপান্তর করার জন্য সংশ্লিষ্ট আইনের সংশোধনী আনতে আরও কিছু সময় লাগবে। তবে জুলাই মাস নাগাদ এটিকে পিএলসিতে রূপান্তর করা সম্ভব হবে বলে আমি আশাবাদি।" তিনি আরও বলেন, "পিএলসিতে রূপান্তর হওয়ার পর বিমানের সুদিন ফিরে আসবে। এ বিমান লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে।" এর আগে শনিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে বাংলাদেশ বিমানকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের জন্য 'বাংলাদেশ বিমান করপোরেশন (সংশোধনী) অধ্যাদেশ ২০০৭' এর খসড়া অনুমোদন করা হয়েছিল। দি বাংলাদেশ এয়ার লাইনস লিমিটেডের 'মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন' ও 'আর্টিক্যালস অফ অ্যাসোসিয়েশন' এর প্রস্তাবিত খসড়া আরো পরীক্ষা নিরীক্ষার পর নতুন করে উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপনের জন্য বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয় ওই বৈঠকে। ২০ জুন বুধবার আন্তঃমন্ত্রনালয়ের এক বৈঠক শেষে এম এ মতিন বলেছিলেন, "চলতি মাসের ৩০ তারিখের মধ্যে বাংলাশে বিমানকে পাবলিক লিমিটেড কোম্পানিতে (পিএলসি) রূপান্তরিত করা হবে। পিএলসিতে রূপান্তের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন নাম হবে বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। আর বর্তমানে বিমানের যে দেনা রয়েছে তার সব দায়-দায়িত্ব নেবে সরকার।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এএইচডি/এএল/জিএনএ/১৫০০ ঘ.