২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাতাদের চাপিয়ে দেওয়া নীতি আমরা নেবো না : সিএস করিম

দাতাদের চাপিয়ে দেওয়া নীতি, প্রযুক্তি ও অর্থ বাংলাদেশ নেবে না। তবে চাহিদা অনুযায়ী তাদের কাছ থেকে সাহায্য নেওয়া হবে। কৃষি উপদেষ্টা সি এস করিম রোববার সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ইন্সটিটিউট অব ডেভলপমেন্ট স্টাডিজ আয়োজিত "বাংলাদেশে জৈব নিরাপদ কৃষি : বর্তমান অবস্থা এবং নীতি" শীর্ষক এক সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সি এস করিম বলেন, "আমাদের যে জীব-বৈচিত্র্য আছে তার নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে। নতুন প্রজাতি ও জিএমও ফুড আনার ক্ষেত্রে আমাদের সুবিবেচনা করতে হবে। জৈব নিরাপত্তা নিশ্চিত করে নিশ্চিত করতে হবে খাদ্য নিরাপত্তা।" কৃষি উপদেষ্টা বলেন, "এভিয়ান ফ্লু একটি বাস্তবতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2007, 12:26 PM

Updated : 26 Aug 2022, 08:11 PM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- দাতাদের চাপিয়ে দেওয়া নীতি, প্রযুক্তি ও অর্থ বাংলাদেশ নেবে না। তবে চাহিদা অনুযায়ী তাদের কাছ থেকে সাহায্য নেওয়া হবে। কৃষি উপদেষ্টা সি এস করিম রোববার সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ইন্সটিটিউট অব ডেভলপমেন্ট স্টাডিজ আয়োজিত "বাংলাদেশে জৈব নিরাপদ কৃষি : বর্তমান অবস্থা এবং নীতি" শীর্ষক এক সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সি এস করিম বলেন, "আমাদের যে জীব-বৈচিত্র্য আছে তার নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে। নতুন প্রজাতি ও জিএমও ফুড আনার ক্ষেত্রে আমাদের সুবিবেচনা করতে হবে। জৈব নিরাপত্তা নিশ্চিত করে নিশ্চিত করতে হবে খাদ্য নিরাপত্তা।" কৃষি উপদেষ্টা বলেন, "এভিয়ান ফ্লু একটি বাস্তবতা। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এ পর্যন্ত ২ লাখ মুরগী নিধন করা হয়েছে। দেশে এভিয়ান ফ্লু বিস্তারের কারণ অনুসন্ধান করা হচ্ছে। পোল্ট্রি শিল্পকে রক্ষা করতে হবে।" তিনি বলেন, "বাংলাদেশ জনবহুল দেশ। জৈব নিরাপত্তার বিষয়টি তাই গুরুত্বপূর্ণ। জৈব নিরাপত্তা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে হবে। প্রতিক্রিয়াশীল চিন্তা কখনো অগ্রসর হতে পারে না। আমাদের ফসলের বহুমুখীকরণ নিশ্চিত করতে হবে। এ জন্য প্রযুক্তির সহায়তা নিতে হবে। জলবায়ুর পরিবর্তন কৃষির জন্য মারাত্মক হুমকি হয়ে দেখা দিতে পারে।" কৃষি গবেষক ফরহাদ মজহার বলেন, "জাতীয় নীতি কখনো বাইরের টাকা দিয়ে হয় না। যে কোনো জাতীয় নীতি জাতীয় নিরাপত্তার বিষয়। এসব ক্ষেত্রে কোনো বিদেশী না থাকাই বাঞ্ছনীয়। কিন্তু বিদেশী টাকা ও পরামর্শ ছাড়া কোনো নীতিমালাই হয়নি। দুর্নীতির প্রধান উৎস হচ্ছে বিদেশী সহায়তার টাকা। "বাংলাদেশে কৃষির যে ক্ষতি হচ্ছে তার সঙ্গে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা অঙ্গাঙ্গীভাবে জড়িত। তৃতীয় বিশ্বে কোনো সংকট দেখা দিলে এরা সমাধান না করে বিভিন্ন কোম্পানির বাজার তৈরি করতে আসে। দেশে বর্তমানে নির্বাচিত সরকার নেই। জাতীয় নীতির প্রয়োজনে আলাপ আলোচনার সুযোগ সীমিত। কৃষিনীতি ভুল ও ক্ষতিকর। এর সঙ্গে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা, ডিএফআইডি জড়িত। এরা ক্রমাগত বিভিন্ন কোম্পানীর পক্ষে কথা বলছে।" ম্যাজিস্ট্রেট রোকন উদদৌলা বলেন, "দেশে সার ব্যবস্থাপনা আইন আছে, কিন্তু এর কোনো প্রয়োগ নেই। বাজারে বিদ্যমান জৈব সারের ৮০ ভাগই ভেজাল। এ আইনের অধীনে দশটি মামলাও হয়নি। ভেজাল সারে বাজার ভরে গেছে। কৃষিখাতের প্রতি আমাদের নজর দেওয়া উচিত।" অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার উর্ধ্বতন নীতি কর্মকর্তা ড. সাইফুল্লাহ সাঈদ। এতে বলা হয়, কৃষি খাদ্য উৎপাদন ব্যবস্থায় জৈব নিরাপত্তা নিশ্চিত করা যায় সে জন্য একটি সমন্বিত ও প্রাতিষ্ঠানিক রূপরেখা জরুরি ভিত্তিতে প্রণয়ন করা দরকার। ২০০০ সালে ২১ লাখ মানুষ ডায়রিয়া জনিত রোগে মারা গেছে। এর মধ্যে বেশিরভাগই দূষিত খাদ্য ও পানি পান করে আক্রান্ত হয়েছে। প্রবন্ধে বলা হয়, এশিয়ায় এভিয়ান ফ্লুর বিস্তারের পর ইন্দোনেশিয়ায় পোল্ট্রি ফার্মগুলোর ২৩ভাগ শ্রমিক চাকরি হারিয়েছে। ভিয়েতনামে ১৭ ভাগ পোল্টি ফার্ম ধ্বংস করা হয়েছে। এশিয়া থেকে আমদানী বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ব বাজারে পোল্টি পন্যের দাম ৩০ ভাগ বেড়ে গেছে। অনুষ্ঠান পরিচালনা করেন কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. এ এম এম শওকত আলী। দিনব্যাপী এ অনুষ্ঠানে জৈব নিরাপত্তা ও কৃষি বিষয়ক একাধিক প্রবন্ধ উপস্থাপন করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোট ডটকম/এমআরএফ/জিএনএ/১৮২০ ঘ.