খুলনা, জুন ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন না থাকায় এবং অস্বাস্থ্যকর ও নোঙরা পরিবেশে চিকিৎসা দেওয়ার অভিযোগে খুলনা মহানগরীর ৭টি ক্লিনিককে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
খুলনা মহানগর হাকিম মো. আতিকুল হক শনিবার এ অভিযান পরিচালনা করেন।
মহানগর হাকিম মো. আতিকুল হক জানান, দৌলতপুরের লিন্ডা ক্লিনিকে অভিযানের সময় কোনো ডাক্তার বা নার্সকে সেখানে পাওয়া যায়নি। এই ক্লিনিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। কর্তৃপক্ষের কাউকে না পেয়ে জরিমানার কাগজ ক্লিনিকের কার্যালয়ে রেখে আসা হয়।
এছাড়া 'ক্লিনিক বন্ধ' সাইনবোর্ড টাঙিয়ে অনুমোদন ছাড়াই ব্যবসা চালানোর অভিযোগে দৌলতপুর পলি ক্লিনিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। খালিশপুরের বন্ধ করে দেওয়া ফ্লোরা ক্লিনিক আবার চালু করার অভিযোগে জরিমানা করা হয় ২৫ হাজার টাকা।
আতিকুল হক জানান, অনুমোদন না থাকায় ও অতিরিক্ত রোগী থাকায় সোনাডাঙ্গা এলাকার ডা. রফিকুল ইসলামের মালিকানাধীন নামবিহীন একটি ক্লিনিককে ৫০ টাকা এবং অনুমোদন ছাড়া ক্লিনিক চালানোয় ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে নিরালা আবাসিক এলাকায় আমজাদ হোসেন মেমোরিয়াল ক্লিনিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দ্বিতীয় ক্লিনিকটির ডা. আব্দুল্লাহেল বাকীকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া সোনাডাঙ্গা এলাকার প্রাইম ক্লিনিক ও সেভ হেলথ ক্লিনিকে গিয়ে কোনো ডাক্তার বা নার্সকে না পাওয়ায় যথাক্রমে ৪০ হাজার ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জেকে/২২৩৯ ঘ.
bdnews24