২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজির অভিযোগে দুই সাংবাদিক গ্রেপ্তার

রাজধানীতে বুধবার র‌্যাব সদস্যরা চাঁদাবাজির অভিযোগে দুই সাংবাদিককে গ্রেপ্তার করেছে। এরা হলেন দৈনিক নওরোজের প্রধান প্রতিবেদক মহসিন এ স্বপন চৌধুরী এবং সিনিয়র প্রতিবেদক মো. সেলিম রেজা। বুধবার রাতে রাজধানীর টিকাটুলিতে র‌্যাব--৩ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তাদের হাজির করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2007, 06:37 PM

Updated : 26 Aug 2022, 08:09 PM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানীতে বুধবার র‌্যাব সদস্যরা চাঁদাবাজির অভিযোগে দুই সাংবাদিককে গ্রেপ্তার করেছে। এরা হলেন দৈনিক নওরোজের প্রধান প্রতিবেদক মহসিন এ স্বপন চৌধুরী এবং সিনিয়র প্রতিবেদক মো. সেলিম রেজা। বুধবার রাতে রাজধানীর টিকাটুলিতে র‌্যাব--৩ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তাদের হাজির করা হয়। দৈনিক নওরোজ কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারকৃত দুই সাংবাদিককে অনৈতিক কাজে জড়িত থাকার দায়ে সাময়িক বরখাস্ত করার ঘোষণা দিয়েছে। সংবাদ সম্মেলনে র‌্যাব--৩ এর অধিনায়ক উইং কমান্ডার সুলতান হোসেন খান নুরানি জানান, গ্রেপ্তারকৃত এই দুই জন রাজধানীর খিলগাঁওয়ের ৫৭৭/সি এসকে থ্রেড গার্মেন্টসের মালিক এম আব্দুল কাইয়ুমের কাছে সাংবাদিক পরিচয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে আব্দুল কাইয়ুম এবং তার ভাই জনৈক কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন নেতিবাচক সংবাদ প্রকাশের মাধ্যমে সম্মানহানির হুমকি দেওয়া হয়। হুমকির পরিপ্রেক্ষিতে এমএ কাইয়ুম চাঁদা দেওয়ার তারিখ ও স্থান ঠিক করে র‌্যাবকে বিষয়টি জানান। সে অনুযায়ী র‌্যাব--৩ এর একটি দল ওই গার্মেন্টস কারখানায় কর্মচারী সেজে অবস্থান নেয়। নির্দিষ্ট সময়ে বুধবার সন্ধ্যায় দুই সাংবাদিক সেখানে গেলে এমএ কাইয়ুম তাদের হাতে ২০ হাজার টাকা তুলে দেন। এ সময় র‌্যাব সদস্যরা হাতেনাতে ওই দুই সাংবাদিককে চাঁদাবাজির টাকাসহ গ্রেপ্তার করে। তাদের দুজনের কাছ থেকে চারটি মোবাইলটেলিফোন সেট এবং দুটি ডায়েরি জব্দ করা হয়েছে। দুই সাংবাদিককে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার পুলিশের কাছে সোপর্দ করা হবে বলে কমান্ডার নুরানী বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কমকে জানান। এ ব্যাপারে দৈনিক নওরোজের সম্পাদক শামসুল হক দুররানির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনাটি আমরা জানতে পেরেছি। অনৈতিক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের দুজনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত শেষে অভিযোগ প্রমাণ হলে তাদের চাকুরিচ্যুত করা হবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএইচবি/০০৩১ ঘ.