ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অবৈধ অস্ত্র ও গুলি রাখার অভিযোগে বিতর্কিত ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের ঘনিষ্ট সহযোগী ও বরিশাল থেকে প্রকাশিত 'দৈনিক আজকের বার্তা'র সম্পাদক কাজী নাসির উদ্দিন বাবুলকে ১৭ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার বিকেলে ঢাকার তিন নম্বর মহানগর বিশেষ ট্রাইবুনালের বিচারক এ.কে.এম এনামুল হক এ রায় দেন।
রায়ের বিবরণে জানা যাায়, গুলশান থানা পুলিশ গত ৩ এপ্রিল গুলশানের ১৫ নম্বর সড়কের একটি বাড়ি থেকে নাসির উদ্দিন বাবুলকে গ্রেপ্তার করে। এ সময় তার ব্যাগ থেকে ৪ রাউন্ড গুলিভর্তি একটি অনুমোদনহীন বিদেশি রিভলবার উদ্ধার করা হয়।
৪ এপ্রিল গুলশান থানার উপপরিদর্শক রওশন আলী এ ঘটনায় জরুরি ক্ষমতা বিধিমালার আওতায় একটি মামলা করেন। গত ৮ মে এই মামলায় বাবুলের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়। ৮ জনের সাক্ষ্য নেওয়ার পর বিচারক বুধবার মামলার রায় ঘোষণা করেন।
মামলার নথিতে পত্রপত্রিকায় প্রকাশিত খবরের বরাত দিয়ে কাজী নাসির উদ্দিন বাবুলকে বিতর্কিত ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের ঘনিষ্ট সহযোগী হিসেবে উল্লেখ করা হয়।
এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি আলী হায়দার কিরণ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, জরুরি বিধিমালার আওতায় অস্ত্র মামলায় এটিই ঢাকার কোনো আদালতে প্রথম রায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/এমএইচবি/২১৩৯ ঘ.
bdnews24